নিজস্ব প্রতিবেদক, তাজাখবর র্ডেস্ক :
নতুন ভোটার হওয়া বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবেদনের ক্ষেত্রে কেউ মাধ্যমিক পাস করে থাকলে তার এসএসসি সনদ সার্ভারে আপলোড করা বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৯ এপ্রিল) ইসির এনআইডি শাখা থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। আবেদনকারীর তথ্যের সঠিকতা যাচাই ও ভবিষ্যতে পরিচয়পত্র সংশোধনের জটিলতা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসির এনআইডি শাখার পরিচালক মো. সাইফুল ইসলামের স্বাক্ষর করা নির্দেশনায় বলা হয়েছে, ভোটার নিবন্ধনের সময় বিভিন্ন প্রয়োজনীয় নথি ডাটাবেজে যুক্ত করতে হয়। এর মধ্যে নিবন্ধন ফরম, জন্ম সনদ ও প্রমাণপত্রের পাশাপাশি এসএসসি সনদ অন্যতম। বিশেষ করে শিক্ষিত ব্যক্তিদের জন্ম তারিখ ও তথ্য সংশোধনের ক্ষেত্রে এসএসসি সনদের প্রয়োজনীয়তা দেখা দেয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আবেদনকারী মাধ্যমিক পাস হলেও মাঠ অফিসগুলো এ সনদ ডাটাবেজে যুক্ত করছে না।
নির্বাচন কমিশন জানিয়েছে, এসএসসি সনদ না থাকায় জাতীয় পরিচয়পত্র সংশোধনের সময় জন্ম তারিখ যাচাই করা কঠিন হয়ে পড়ে। অনেক সময় আবেদনকারী উচ্চশিক্ষিত হলেও পরে শিক্ষাগত যোগ্যতার তথ্য অস্বীকার করেন। এতে কর্মকর্তা ও আবেদনকারীর মধ্যে জটিলতা তৈরি হয়। এ সমস্যা সমাধান ও স্বচ্ছতা নিশ্চিত করতেই এসএসসি সনদ বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, আবেদনকারী যদি উচ্চ মাধ্যমিক বা তার চেয়ে বেশি শিক্ষিত হন, তাহলে এসএসসি সনদের পাশাপাশি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদও সংগ্রহ করতে হবে। এসব নথির মূল কপি বা ফটোকপি নিবন্ধন ফরম ও জন্ম সনদের সাথে সংরক্ষণ করতে হবে।
এ কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা তদারকির জন্য আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নিয়মিত অফিস পরিদর্শন করবেন এবং দৈবচয়নের ভিত্তিতে নথি যাচাই করবেন।