আরিফুল ইসলাম, তাজাখবর ডেস্ক, চট্টগ্রাম প্রতিনিধি :
বাংলাদেশে মাদকাসক্তি ভয়াবহ রূপ ধারণ করেছে, যার করালগ্রাসে ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে দেশের তরুণ ও যুবসমাজ। ব্যক্তি, পরিবার ও রাষ্ট্র—সবক্ষেত্রেই এর নেতিবাচক প্রভাব পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের শহর থেকে গ্রাম—সবখানেই এখন সহজলভ্য হয়ে উঠেছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, হেরোইন, কোকেনসহ নানা মাদক ছড়িয়ে পড়েছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চল দিয়ে প্রতিবেশী দেশ থেকে মাদক অনুপ্রবেশের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ আন্তর্জাতিক মাদক চোরাচালানের ঝুঁকিতে রয়েছে। সমুদ্র উপকূল ও নদীপথ ব্যবহার করে সহজেই দেশে প্রবেশ করছে মাদক। ফলে দেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে আন্তর্জাতিক মাদক সিন্ডিকেট।
আইনশৃঙ্খলা বাহিনী মাঝে মধ্যে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও চালান আটক করলেও মূল হোতারা অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। রাজনৈতিক প্রভাব ও আইনের ফাঁকফোকরের সুযোগ নিয়ে অনেকেই পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় ৭০ লাখ মানুষ মাদকাসক্ত, যার বড় অংশই তরুণ ও কিশোর। সঙ্গদোষ, কৌতূহল এবং সহজলভ্যতা—এই তিনটি কারণেই অধিকাংশ মানুষ মাদকের দিকে ঝুঁকছে বলে জানা গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন মাদক সেবনে মানবিক মূল্যবোধ ধ্বংস হয়ে যায় এবং অপরাধপ্রবণতা বৃদ্ধি পায়। খুন-খারাবিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে মাদকাসক্তরা। এতে সমাজে অস্থিরতা বাড়ছে এবং পরিবারগুলোতে নেমে আসছে চরম বিপর্যয়।
অভিভাবকদের মতে, মাদকের বিস্তারের কারণে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তারা চরম উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। ইতোমধ্যে বহু তরুণ অকালে প্রাণ হারাচ্ছে, যা সমাজের জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞ ও সচেতন মহল মনে করেন, মাদক প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। সীমান্তে কড়াকড়ি বাড়ানো, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করা, বেকারত্ব দূরীকরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বৃদ্ধি—এসব পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এছাড়া পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে। মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থাও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।
সচেতন মহলের অভিমত, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মকে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে হবে। তাই মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
লেখক: মো. মুজিব উল্ল্যাহ্ তুষার
সাংবাদিক ও সমাজকর্মী, চট্টগ্রাম
📞 01819018488
📧 tusharmujib@gmail.com