আরিফুল ইসলাম, চট্টগ্রাম:
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির আয়োজনে বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এবং জনগণের প্রত্যাশা নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় বনানীর একটি হোটেলে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির মাননীয় সভাপতি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের সাবেক প্রধান নির্বাচন কমিশনার দিনেশ কুমার থাপালিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মালদ্বীপের নির্বাচন কমিশনের সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ আকরাম, ঢাকায় নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ললিতা সিলওয়াল এবং নেপালের গণতন্ত্র ও নির্বাচন বিশ্লেষক রামেশ অধিকারী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিরাপত্তা বিশ্লেষক ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মেজর জেনারেল (অব.) আবু নাসের মোহাম্মদ ইলিয়াস, সদ্য নিয়োগপ্রাপ্ত কেন্দ্রীয় উপদেষ্টা আবুল হোসেন, সংগঠনের পরিচালক ইকবাল হোসেন এবং কর্মকর্তা মেজর (অব.) জাহিদ।
বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন, প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে জনগণের প্রত্যাশা পূরণে বাস্তবমুখী ও কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।
সভায় দেশি ও বিদেশি নির্বাচন বিশেষজ্ঞ, রাজনৈতিক বিশ্লেষক ও মানবাধিকারকর্মীরা অংশগ্রহণ করেন। তারা একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
নিবেদক:ইকবাল হোসেন
কেন্দ্রীয় পরিচালক, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনঅবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আন্তর্জাতিক মতবিনিময় সভা