আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক,তাজাখবর ডেস্ক:
চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডের ৬ নম্বর ব্রিজ সংলগ্ন ফুটবল টার্ফ এলাকায় আধুনিক সুযোগ-সুবিধা ও মনোরম পরিবেশে যাত্রা শুরু করেছে “বারেক শাহ মেজবানি ও ওরশ বিরিয়ানি” রেস্টুরেন্ট।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল হাশেম বক্কর বলেন, চট্টগ্রামের আধ্যাত্মিক সাধক হযরত আবদুল বারেক শাহ (র:) এর নামে প্রতিষ্ঠানের নামকরণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, “চট্টগ্রামের মানুষ ভোজনরসিক হিসেবে সুপরিচিত। মেজবানি ও ওরশ বিরিয়ানি আমাদের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এই রেস্টুরেন্টটি সেই ঐতিহ্যকে ধারণ করে ভোজনপ্রেমীদের জন্য নতুন মাত্রা যোগ করবে।”
তিনি আরও বলেন, শুধু ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নয়, সেবার মানসিকতা নিয়েও এগিয়ে যেতে হবে। স্বাস্থ্যসম্মত, রুচিশীল খাবার এবং পারিবারিক পরিবেশ নিশ্চিত করতে পারলে এই প্রতিষ্ঠান দ্রুত জনপ্রিয়তা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী নাজিম উদ্দীন হিরু জানান, অভিজ্ঞ রাঁধুনি ও মানসম্মত টাটকা উপকরণ ব্যবহার করে খাবারের স্বাদ ও গুণগত মান নিশ্চিত করা হবে। তিনি বলেন, “আমাদের মেন্যুতে থাকছে ঐতিহ্যবাহী ওরশ বিরিয়ানি, মেজবানি মাংস, চনার ডাল, নলার ঝোল, কালা ভুনা, মোরগ পোলাও এবং বোরহানি। পাশাপাশি গ্রাহকদের জন্য স্বাস্থ্যসম্মত ও পারিবারিক পরিবেশ বজায় রাখার প্রতিশ্রুতি দিচ্ছি।”
উদ্বোধন শেষে অতিথিরা রেস্টুরেন্টের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং খাবারের মান ও পরিবেশের প্রশংসা করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, বায়েজিদ লিংক রোডের প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এই রেস্টুরেন্টটি অল্প সময়ের মধ্যেই চট্টগ্রামের ভোজনবিলাসীদের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী, সাবেক সদস্য আকতার হোসেন মঞ্জু, মহানগর কৃষক দলের সদস্য সচিব সাবের আহমেদ টারজেন, বায়েজিদ থানা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক জানে আলম সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুর রশিদ টিটু, যুবদল নেতা নুর জাহেদ বাবলু, মো. উসমান গনি, বিএনপি নেতা আমির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা।