“সংসদে যেতে প্রস্তুত জেসমিনা খানম—নারীর অধিকার ও উন্নয়নের নতুন কণ্ঠ!”

জাতীয় বাংলাদেশ রাজনীতি

আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক,তাজাখবর ডেস্ক:

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হওয়ার লক্ষ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চট্টগ্রামের সুপরিচিত নারী নেত্রী ও সমাজসেবী জেসমিনা খানম।

শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এসময় তার সঙ্গে দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা তার রাজনৈতিক অবস্থান ও গ্রহণযোগ্যতারই প্রতিফলন। মনোনয়ন ফরম সংগ্রহের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও দেখা যাচ্ছে আনন্দ ও আশাবাদ।

দীর্ঘ রাজনৈতিক জীবনে ত্যাগ, নেতৃত্ব ও মানবিক কর্মকাণ্ডের জন্য পরিচিত জেসমিনা খানম সবসময়ই দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থেকেছেন—এমনটাই বলছেন স্থানীয়রা। চট্টগ্রাম মহানগর মহিলা দলের প্রথম সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর হিসেবে তিনি ইতোমধ্যেই নিজেকে একজন দক্ষ ও গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

১৯৭১ সালের ১০ মার্চ জন্মগ্রহণকারী এই নেত্রী চট্টগ্রামের হালিশহর থানার ২৬ নম্বর ওয়ার্ডের একজন সুপরিচিত মুখ। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত-১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে তিনি স্থানীয় উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক উন্নয়নেও তার রয়েছে উজ্জ্বল অবদান। নারী ঐক্য বাংলাদেশ (নোবা)-এর সভাপতি হিসেবে তিনি নারী অধিকার, দারিদ্র্য বিমোচন ও সমাজ উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। এছাড়া আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর চট্টগ্রাম বিভাগীয় উপদেষ্টা এবং চট্টগ্রাম একাডেমীর আজীবন সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।

নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ তাকে আরও সমৃদ্ধ করেছে। যুব অধিদপ্তরের লিডারশিপ ট্রেনিং এবং ন্যাশনাল ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (এনডিআই) কর্মশালা তার নেতৃত্বের দক্ষতাকে আরও শক্তিশালী করেছে।

জেসমিনা খানম বলেন, “সংসদে নারীর উপস্থিতি শুধু প্রতীকী নয়, বরং কার্যকর নীতিনির্ধারণের মাধ্যমে সমাজে বাস্তব পরিবর্তন আনার সুযোগ। আমি সেই পরিবর্তনের অংশ হতে চাই।”

তার মতে, সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়া কেবল রাজনৈতিক লক্ষ্য নয়—এটি নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ ধাপ।

চট্টগ্রামের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং জনসম্পৃক্ততার কারণে বিশ্লেষকরা মনে করছেন, সংরক্ষিত নারী আসনে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবেন জেসমিনা খানম।

“সংসদে যেতে প্রস্তুত জেসমিনা খানম—নারীর অধিকার ও উন্নয়নের নতুন কণ্ঠ!”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *