দৈনিক তাজাখবর ডেস্ক,প্রতিবেদক: মাছুম মন্ডল, জয়পুরহাট
জয়পুরহাটে স্থানীয় অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে দুটি পাকা রাস্তা ও একটি মসজিদের উন্নয়ন কাজ উদ্বোধন করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল ২০২৬) সকালে এসব প্রকল্পের উদ্বোধন করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, পরিষদের অর্থায়নে জয়পুরহাট পৌর শহরের ডায়াবেটিক হাসপাতাল এলাকা এবং সদর উপজেলার ভাদসা ইউনিয়নের পশ্চিম আদিবাসী এলাকায় প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে দুটি পাকা রাস্তার নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ধুলাতর মাস্টার পাড়া বায়তুল ফালাহ জামে মসজিদের উন্নয়নকাজও ৫ লাখ টাকা ব্যয়ে সম্পন্ন করা হয়।
উদ্বোধনকালে মাসুদ রানা প্রধান বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে এলাকার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা হচ্ছে। নতুন রাস্তা নির্মাণের ফলে দীর্ঘদিনের কাদা-পানির দুর্ভোগ থেকে মুক্তি পাবে এলাকাবাসী এবং যোগাযোগ ব্যবস্থায় আসবে গতি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান এবং জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশসহ স্থানীয় নেতৃবৃন্দ।