আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক,তাজাখবর ডেস্ক:
চট্টগ্রাম মহানগরীর ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-প্রচার সম্পাদক মাহবুবুর রহমান।
তিনি তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও ওয়ার্ডের সাধারণ নাগরিকদের সমর্থন প্রত্যাশা করছেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে যুক্ত থাকা মাহবুবুর রহমান নিজেকে আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞ, মনোবলসম্পন্ন এবং সংগঠননিষ্ঠ একজন কর্মী হিসেবে পরিচিত বলে জানান সমর্থকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি জিয়া আদর্শে বিশ্বাসী রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত থেকে বিভিন্ন সময় রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখেছেন।
কাউন্সিলর পদপ্রার্থী মাহবুবুর রহমান বলেন, ওয়ার্ডের নাগরিক সেবা নিশ্চিত করা, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চান তিনি। একই সঙ্গে তিনি এলাকার তরুণ সমাজকে সংগঠিত করে উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে তার মূল লক্ষ্য।
৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের সাধারণ ভোটার ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কাছে তিনি দোয়া ও সমর্থন কামনা করেছেন।