আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, দৈনিক তাজাখবর ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম উত্তর জেলার অধীন সীতাকুণ্ড উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) অনুষ্ঠিত উপজেলা বিএনপির বিশেষ বর্ধিত সভায় পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী (এফসিএ)।
নবগঠিত কমিটিতে পুনরায় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. কমল কদর এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন মোহাম্মদ মোরছালিন। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জহুরুল আলম জহুর ও সালামত উল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন ফজলুল করিম চৌধুরী।
নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে। একই সঙ্গে উপজেলাধীন ১নং সৈয়দপুর থেকে ৭নং কুমিরা পর্যন্ত মোট ৬টি ইউনিয়নের বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আসলাম চৌধুরী বলেন, কমিটি গঠন একটি ধারাবাহিক সাংগঠনিক প্রক্রিয়ার অংশ। তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দকে সকলের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক উপায়ে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন শেষে সম্মেলনের মাধ্যমে উপজেলা কমিটি গঠনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, পরবর্তীতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে পুনর্গঠন করে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা হবে।