আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, দৈনিক তাজাখবর ডেস্ক:
টিকলু তালুকদার ,বিশিষ্ট কবি ও সাহিত্যিক
প্রখ্যাত কবি, সাহিত্যিক ও গবেষক মাহমুদুল হাসান নিজামী-এর জানাজা নামাজ চট্টগ্রাম নগরীর লালখান বাজারস্থ জামেয়াতুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
গত ৭ মার্চ ২০২৬, শনিবার রাত ১০টায় অনুষ্ঠিত জানাজা শেষে মাদ্রাসা প্রাঙ্গণের পেছনে তাকে দাফন করা হয়।
মরহুম মাহমুদুল হাসান নিজামী বাংলা সাহিত্যাঙ্গনের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তিনি ছিলেন সৃজনশীল চিন্তা, গবেষণা ও মানবিক গুণাবলির অধিকারী একজন প্রজ্ঞাবান সাহিত্যিক। জীবদ্দশায় তার রচিত ও প্রকাশিত বইয়ের সংখ্যা ১৪০টিরও বেশি, যা বাংলা সাহিত্য ভান্ডারকে সমৃদ্ধ করেছে। সাহিত্যপ্রেমীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধেয়।
প্রিয় এই কবিকে শেষ বিদায় জানাতে চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য কবি, সাহিত্যিক, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা জানাজায় অংশ নেন। উপস্থিত ছিলেন অভিলাষ মাহমুদ, শুক্কুর চৌধুরী, কুতুব উদ্দিন বকতেয়ার, ইঞ্জিনিয়ার মহি উদ্দিন, জিতেন্দ্র লাল বড়ুয়া, ফারুক জাহাঙ্গীর, সুলতান আহমেদ, ইঞ্জিনিয়ার সঞ্চয় দাশ, আব্দুল্লাহ মজুমদার, সায়েদুল হক, টিকলু তালুকদার, শাহাজাদা মোহাম্মদ ইব্রাহিম, কামরুল ইসলাম, আলমগীর হোসেন, নুরুন্নবী মোঃ আরিফ, মনজুরুল ইসলাম, মোঃ জাবেদ হোসেন চৌধুরী, রোকন উদ্দিন, এডভোকেট মোস্তাফা নুর, রফিক আনম, আলাউদ্দীন, নুরুল মোঃ কাদের, কামাল উদ্দিন, সোহেল ফারদিন, ওসমান জাহাঙ্গীর, আবুল হাসেম, মাওলানা হারুন, ইজাহারুল ফরিদ মিল্লাতসহ আরও অনেকে।
জানাজার নামাজে ইমামতি করেন মুফতি ইজাহারুর ইসলাম।
জানাজা শেষে উপস্থিত কবি-সাহিত্যিকরা গভীর শোক ও আক্ষেপ প্রকাশ করে বলেন, বাংলা সাহিত্যে অসামান্য অবদান রাখলেও এই মহাগুণী কবি রাষ্ট্রীয়ভাবে প্রাপ্য স্বীকৃতি পাননি। তারা সরকারের প্রতি আহ্বান জানান, মরহুম মাহমুদুল হাসান নিজামীর সাহিত্যকীর্তির যথাযথ মূল্যায়ন করে তাকে মরণোত্তর একুশে পদক প্রদান করা হোক।