আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম:
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ১৫ নং বাগমনিরাম ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন,
চট্টগ্রাম মহানগর বিএনপির ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড আহ্বায়ক রাশেদ চৌধুরী। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও জনগণের সঙ্গে নিবিড় সম্পর্কের মাধ্যমে তিনি এলাকাবাসীর সেবা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
রাশেদ চৌধুরী বলেন,
“রাজনীতি আমার কাছে ক্ষমতার লড়াই নয়; মানুষের সেবা করা এবং এলাকায় শান্তি প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য।”
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি তিনবার কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। প্রতিবারই ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়ন, নাগরিক নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতিকে অগ্রাধিকার দিয়েছেন বলে জানান তিনি।
তিনি বলেন, ১৫ নং বাগমনিরাম ওয়ার্ডকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও আধুনিক ওয়ার্ডে রূপান্তর করাই তার লক্ষ্য। হিংসা-বিবাদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ রাখা এবং উন্নয়নের ধারায় সম্পৃক্ত করাই তার রাজনৈতিক অঙ্গীকার।
রাশেদ চৌধুরী অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগের সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে তাকে নানা নির্যাতনের শিকার হতে হয়েছে। তবুও জনগণের অধিকার রক্ষার আন্দোলন থেকে তিনি কখনো পিছিয়ে যাননি।
গত ৫ আগস্ট রাতে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হলে তিনি নিজ উদ্যোগে ও ব্যক্তিগত অর্থায়নে ৮০ জন পাহারাদার নিয়োগ দিয়ে টানা পাঁচ দিন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করেন। এতে প্রায় চার লক্ষ টাকা ব্যয় হয় এবং প্রতিজনকে এক হাজার টাকা করে সম্মানী প্রদান করা হয় বলে জানান তিনি।
তিনি আরও বলেন,
“ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারে, সেটাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য। ব্যক্তিগত কষ্ট ভুলে আমি ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করি।”
কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে তার অগ্রাধিকার পরিকল্পনা হলো—
▪ সড়ক ও ড্রেনেজ উন্নয়ন
▪ পরিচ্ছন্ন ও আধুনিক ওয়ার্ড গঠন
▪ নাগরিক সেবার মান বৃদ্ধি
▪ যুবসমাজের উন্নয়ন ও কর্মসংস্থান
▪ আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা
এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করে রাশেদ চৌধুরী বলেন,
“আমি জনগণের প্রার্থী হয়ে নির্বাচন করতে চাই। আপনাদের ভোট ও সমর্থন পেলে ১৫ নং বাগমনিরাম ওয়ার্ডকে একটি আদর্শ ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।”