সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার

জাতীয় বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক,তাজাখবর অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ১০: ২২পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে আলোচিত শিশু ইরা হত্যাকাণ্ডের ঘটনায় অবশেষে মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরলেও নৃশংস হত্যাকাণ্ড ঘিরে এখনো শোক ও ক্ষোভ বিরাজ করছে।

পুলিশ জানায়, সাত বছর বয়সী কন্যাশিশু ইরাকে হত্যা মামলার প্রধান অভিযুক্ত বাবু শেখকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি শনিবার সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকার ভেতর থেকে গলাকাটা অবস্থায় গুরুতর আহত ইরাকে উদ্ধার করা হয়। উদ্ধারকারীরা জানান, রাস্তা সংস্কার কাজে নিয়োজিত শ্রমিকরা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত মানবিক উদ্যোগে উদ্ধার করেন। তারা নিজেদের পরনের কাপড় দিয়ে রক্তপাত বন্ধের চেষ্টা করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, শিশুটি নির্মম নির্যাতন ও ধর্ষণের শিকার হয়েছিল।

চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩ মার্চ) ভোরে মৃত্যুর সঙ্গে লড়াই হার মানে শিশু ইরা।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শিশুর বাড়ি সীতাকুণ্ডের কুমিরা এলাকায় হলেও যেখান থেকে তাকে উদ্ধার করা হয়, সেটি তার বাড়ি থেকে প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত।

এই নৃশংস ঘটনার পর পুরো এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *