বাহরাইনে নিহত প্রবাসী তারেকের মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলেন চট্টগ্রামের এমপি সাঈদ আল নোমান

আন্তর্জাতিক যোগাযোগ
আরিফুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক | দৈনিক তাজাখবর ডেস্ক:
প্রকাশিত: ৪ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যের দ্বীপরাষ্ট্র বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী এস এম তারেকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-১০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আল নোমান।

নিহতের একমাত্র কন্যা তাসনিম তামান্নার পড়াশোনার পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার (স্থানীয় সময়) রাত সাড়ে তিনটার দিকে বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন ৫২ বছর বয়সী প্রবাসী তারেক। তিনি দীর্ঘদিন ধরে দেশটির রাজধানী মানামায় অবস্থিত ‘আরসি ড্রাইডক’ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

নিহত তারেকের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে হলেও পরিবার নিয়ে তিনি নগরীর হালিশহরের বউ বাজার এলাকায় বসবাস করতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

এমন কঠিন সময়ে নিহতের পরিবারের পাশে দাঁড়িয়ে সংসদ সদস্য সাঈদ আল নোমান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারেকের মেয়ে তাসনিম তামান্নার শিক্ষা ব্যয়ের দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন। পাশাপাশি ভবিষ্যতে চট্টগ্রাম নগরীর ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে তাঁর উচ্চশিক্ষার ব্যবস্থা করার আশ্বাস দেন।

তিনি আরও জানান, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ইতোমধ্যে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৩ মার্চ) এমপির ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান সিটিজি পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ১৯৯৫ সালে জীবিকার সন্ধানে বাহরাইনে পাড়ি জমান তারেক। প্রবাস জীবনের আয়েই চলত পুরো সংসার এবং একমাত্র মেয়ের পড়াশোনা। বাবার মৃত্যুসংবাদে ভেঙে পড়েছেন তাসনিম তামান্না। পরিবারের সদস্যরা জানান, বাবার সঙ্গে শেষবার ভিডিও কলে কথা বলার স্মৃতিই এখন তাঁর সবচেয়ে বড় সান্ত্বনা।

এদিকে, হামলায় বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা। তিনি বাংলাদেশের সরকারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিহতের স্বজনদের একটাই দাবি—বিদেশের মাটিতে পড়ে থাকা তারেকের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে দাফনের ব্যবস্থা করা হোক। এ লক্ষ্যে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

বাহরাইনে নিহত প্রবাসী তারেকের মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলেন চট্টগ্রামের এমপি সাঈদ আল নোমান

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *