আরিফুল ইসলাম,দৈনিক তাজাখবর অনলাইন ডেস্ক | নিজস্ব প্রতিবেদক:
বাংলা সাহিত্যাঙ্গনে ধারাবাহিক সৃষ্টিশীলতা ও সাহিত্যচর্চার মাধ্যমে নিজস্ব অবস্থান তৈরি করেছেন বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক এম টিকলু তালুকদার।
তাঁর প্রকৃত নাম মোঃ আসাদুজ্জামান তালুকদার। ১৯৭৬ সালের ৭ ডিসেম্বর বাগেরহাট জেলার উত্তর ফুলহাতা গ্রামের ঐতিহ্যবাহী তালুকদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
তাঁর পিতা মরহুম ছাইয়েদুর রহমান তালুকদার ছিলেন একজন প্রভাবশালী রাজনীতিবিদ ও সমাজসেবক এবং মাতা উম্মে কুলসুম ছিলেন একজন গৃহিণী। সাত ভাই-বোনের মধ্যে তিনি মেজো সন্তান। শৈশব ও কৈশোরে চঞ্চল ও বিদ্রোহী স্বভাবের অধিকারী এই লেখক পরবর্তীতে সাহিত্যচর্চার মাধ্যমে নিজস্ব চিন্তা ও জীবনবোধকে প্রকাশের পথ খুঁজে নেন।
বর্তমানে তিনি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) চট্টগ্রাম গবেষণাগারের নিরাপত্তা শাখায় কর্মরত আছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চায় নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
এ পর্যন্ত তাঁর মোট আটটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে তিনটি কবিতার বই, চারটি উপন্যাস এবং একটি নামাজ শিক্ষা বিষয়ক গ্রন্থ। তাঁর নবম গ্রন্থ ‘দুরন্ত শৈশব’ লেখকের শৈশব স্মৃতি, জীবনসংগ্রাম, আবেগ ও বাস্তব অভিজ্ঞতার এক অনন্য সাহিত্যিক উপস্থাপন।
তেলিয়া-কেওড়া নদীর কূলঘেঁষা সবুজে ঘেরা উত্তর ফুলহাতা গ্রামের প্রকৃতি, শ্রাবণের আকাশ, রাখালের বাঁশির সুর, বাউল হৃদয়ের উদাসী অনুভব এবং জীবনের প্রেম-বিরহের স্মৃতিগুলো লেখকের সাহিত্যজগতে বিশেষভাবে স্থান পেয়েছে। জীবনের নানা প্রতিকূলতা, হৃদয়ের গভীর ক্ষত ও স্মৃতিময় অতীতকে ধারণ করেই তিনি নির্মাণ করেছেন ‘দুরন্ত শৈশব’।
সম্প্রতি নন্দন বই ঘর প্রকাশনা থেকে বইটির চূড়ান্ত কভার প্রচ্ছদ প্রকাশিত হয়েছে। বইটি নিয়ে সাহিত্যপ্রেমীদের মাঝে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
লেখক এম টিকলু তালুকদার তাঁর সাহিত্যচর্চা ও জ্ঞান অনুসন্ধানের পথচলায় সকলের দোয়া ও শুভকামনা কামনা করেছেন।