‘দুষ্টুমি করবা না’—ইফতার আড্ডায় মির্জা আব্বাসের মন্তব্য জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় বাংলাদেশ রাজনীতি
স্টাফ রিপোর্টার,তাজাখবর ডেস্ক| ঢাকা

জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে হওয়া নানা কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরেছেন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আলোচনার এক পর্যায়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস তাকে ‘দুষ্টুমি না করতে’ বলেছেন বলেও জানান তিনি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব তথ্য প্রকাশ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

পোস্টে তিনি জানান, ইফতার মাহফিলে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মুসাফাহ করার চেষ্টা করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ভাষ্য অনুযায়ী, জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি নিজের জন্য দোয়া চান। জবাবে আমির বলেন, তার জন্য ‘দোয়া ও দাওয়াহ’ দুটিই থাকবে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাপচারিতায় ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রসঙ্গ তুলে ধরেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী জানান, কর্মসূচিটি ইতোমধ্যে শুরু হয়েছে এবং শিগগিরই সারাদেশে চালু করা হবে।

ইফতার অনুষ্ঠানে বিএনপির নেতা ড. মঈন খানের সঙ্গে কুশল বিনিময়ের কথাও উল্লেখ করেন পাটওয়ারী। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের কাছে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সঠিক বিচার নিশ্চিত করতে কিছু সময় প্রয়োজন।

পাটওয়ারী আরও লেখেন, মির্জা আব্বাসের সঙ্গে কথোপকথনের সময় তিনি ব্যক্তিগত একটি প্রসঙ্গ তুলে ধরেন এবং তাকে নিজ বাসায় ইফতারের আমন্ত্রণ জানান।

পোস্টের শেষাংশে তিনি উল্লেখ করেন, ইফতার শেষে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় আবারও মির্জা আব্বাস তাকে উদ্দেশ করে বলেন, ‘দুষ্টুমি করবা না।’ জবাবে পাটওয়ারী হাস্যরসের সুরে বলেন, ছোট ভাইয়ের আসন এভাবে কেড়ে না নিলেও পারতেন।

রাজনৈতিক অঙ্গনে এই পোস্টটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

‘দুষ্টুমি করবা না’—ইফতার আড্ডায় মির্জা আব্বাসের মন্তব্য জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *