আদর্শের উত্তরাধিকার থেকে নেতৃত্বের পথে: চট্টগ্রামে আলোচনায় এডভোকেট কানিজ কাউসার চৌধুরী

জাতীয় বাংলাদেশ রাজনীতি
নিজস্ব প্রতিবেদক, তাজা খবর ডেস্ক| চট্টগ্রাম:

চট্টগ্রামের কাট্টলীর ঐতিহ্যবাহী নাজির বাড়ী দীর্ঘদিন ধরেই জাতীয়তাবাদী রাজনীতি, সামাজিক দায়বদ্ধতা ও আদর্শিক নেতৃত্বের জন্য পরিচিত।

সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় পরিবারের কন্যা এডভোকেট কানিজ কাউসার চৌধুরী আজ চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে সাহসী, দৃঢ়চেতা ও আপসহীন নেতৃত্বের প্রতীক হিসেবে আলোচনায় রয়েছেন।

ভাষা সৈনিক, প্রবীণ রাজনীতিবিদ, সমাজসেবক ও একুশে পদকপ্রাপ্ত বদিউল আলম চৌধুরীর আদর্শিক পরিবারে বেড়ে ওঠা কানিজ কাউসার চৌধুরীর রাজনৈতিক দর্শনের ভিত্তি নির্মিত হয় শৈশব থেকেই। পারিবারিক পরিবেশে দেশপ্রেম, ন্যায়বোধ ও গণমানুষের প্রতি দায়বদ্ধতার শিক্ষা তাকে রাজনীতি ও সমাজসেবায় সক্রিয় হতে অনুপ্রাণিত করে।

তার মাতা মরহুমা লুৎফা বেগম সুরাইয়া চৌধুরী দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী ডেমুশিয়া জমিদার পরিবারের কন্যা ছিলেন। পারিবারিক ঐতিহ্য, রাজনৈতিক সংস্কৃতি ও মূল্যবোধের সমন্বয়েই গড়ে ওঠে কানিজ কাউসার চৌধুরীর নেতৃত্বগুণ।

ছয় ভাইবোনের মধ্যে তিনজন সরাসরি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বড় বোন ড. নাজনীন কাউসার চৌধুরী বর্তমানে বাংলাদেশ সরকারের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। বড় ভাই আহমেদ উল আলম চৌধুরী ছাত্রদল ও যুবদলের রাজনীতি পেরিয়ে বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছোট ভাই মাহমুদ উল আলম চৌধুরী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অর্থ সম্পাদক এবং মহানগর যুবদলের সাবেক কার্যনির্বাহী সদস্য।

শিক্ষাজীবনে মেধা ও শৃঙ্খলার পরিচয় রেখে তিনি ১৯৯১ সালে সেন্ট স্কলাস্টিকা গার্লস হাই স্কুল থেকে এসএসসি, ১৯৯৩ সালে সরকারি সিটি কলেজ থেকে এইচএসসি, ১৯৯৫ সালে চট্টগ্রাম কলেজ থেকে বিএ এবং ১৯৯৮ সালে চট্টগ্রাম আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ২০০২ সালের ২৯ জানুয়ারি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর থেকে দীর্ঘ সময় ধরে তিনি আইন পেশায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছেন।

আইন অঙ্গনে তিনি আদালতে এজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে অতিরিক্ত সরকারি কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্যানেল আইনজীবী হিসেবে গুরুত্বপূর্ণ আইনি দায়িত্বে নিয়োজিত রয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, আইন তার কাছে শুধু পেশা নয়—ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি আদর্শিক অঙ্গীকার।

ছাত্রজীবন থেকেই তার রাজনৈতিক পথচলা শুরু। চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের মহিলা সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন এবং ছাত্র রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সাংগঠনিক নেতৃত্বে আসেন তিনি। ১৯৯৫ সালে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন এবং চট্টগ্রাম মহানগর জিসাসের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে সংগঠন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৯৬ সালের রাজনৈতিক অস্থিরতায় গণতন্ত্র মঞ্চে টানা পনের দিন সাংস্কৃতিক কর্মসূচি পরিচালনার মাধ্যমে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আইন পেশা, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য এবং দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতার সমন্বয়ে এডভোকেট কানিজ কাউসার চৌধুরী চট্টগ্রামের জাতীয়তাবাদী রাজনীতিতে সম্ভাবনাময় নারী নেতৃত্ব হিসেবে ক্রমেই শক্ত অবস্থান তৈরি করছেন।

আদর্শের উত্তরাধিকার থেকে নেতৃত্বের পথে: চট্টগ্রামে আলোচনায় এডভোকেট কানিজ কাউসার চৌধুরী

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *