আরিফুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম
বাংলাদেশের সাংবাদিক সমাজে নতুন নেতৃত্বের সংযোজন ঘটলো।
দৈনিক ইনফোবাংলা ও ডেইলি মর্নিং টুডের সহযোগী সম্পাদক, জাসাস চট্টগ্রাম মহানগরের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক সংগঠক এসএম আহসানুল কবির চৌধুরী (টিটু) বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী ও নীতি নির্ধারণী পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়। সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মো. আলমগীর গনি স্বাক্ষরিত আনুষ্ঠানিক পত্রে এ নিয়োগ অনুমোদন করা হয়।
সাংবাদিক অঙ্গনে দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা ও পেশাগত সততার স্বীকৃতি হিসেবেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের যতরকূল গ্রামের কৃতিসন্তান এসএম আহসানুল কবির চৌধুরী (টিটু) মরহুম ছৈয়দ আহমদ চৌধুরী মাস্টার বাড়ীর সন্তান। তিনি অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম এসএম মহসিন চৌধুরী ও মোছাম্মৎ ফরিদা বেগমের মেঝ সন্তান।
নতুন দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন,
“সাংবাদিক সমাজের ঐক্য আরও সুদৃঢ় করা, পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়িত্বশীল গণমাধ্যম গড়ে তুলতেই আমি কাজ করব। সকল সাংবাদিকের সম্মিলিত অংশগ্রহণেই সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়ন সম্ভব।”
তিনি দায়িত্ব পালনে সাংবাদিক সমাজসহ শুভানুধ্যায়ীদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
সাংবাদিক মহলে তার এই নিয়োগকে ইতিবাচক নেতৃত্বের সূচনা হিসেবে দেখা হচ্ছে।