অর্থনীতি পুনরুদ্ধারে কর বৃদ্ধি জরুরি — পতেঙ্গায় অর্থমন্ত্রীর মন্তব্য

অর্থনীতি জাতীয় বাংলাদেশ
আরিফুল ইসলাম,অনলাইন ডেস্ক | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ৯:১৪ রাত

দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধার ও বিনিয়োগ বৃদ্ধি নিশ্চিত করতে কর (ট্যাক্স) আদায় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় প্রস্তাবিত সরকারি হাসপাতালের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে কর আদায় বৃদ্ধি। ট্যাক্স বৃদ্ধি এবং রাজস্ব আহরণ জোরদারের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো সম্ভব হবে। বিনিয়োগ বৃদ্ধি পেলে কর্মসংস্থানের সুযোগও সম্প্রসারিত হবে।

তিনি আরও জানান, আসন্ন জাতীয় বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

এর আগে পতেঙ্গা থানাধীন জেলে পাড়া এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অধিগ্রহণকৃত প্রায় ১৪ দশমিক ২১৯০ একর এবং অতিরিক্ত ২ দশমিক ৭ একর জমিতে প্রস্তাবিত সরকারি হাসপাতাল নির্মাণস্থল সরেজমিনে পরিদর্শন করেন মন্ত্রী।

পরিদর্শনকালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান হাসপাতাল প্রকল্পের জমির অবস্থা, অবকাঠামোগত সুবিধা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

এ সময় বানৌজা উল্কার অধিনায়ক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, সদস্য সরফরাজ কাদের রাসেলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অর্থনীতি পুনরুদ্ধারে কর বৃদ্ধি জরুরি — পতেঙ্গায় অর্থমন্ত্রীর মন্তব্য

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *