আরিফুল ইসলাম, চট্টগ্রাম:
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারকে আরও মানবিক ও আধুনিক সংশোধনাগারে রূপান্তরের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে কারাগারের জন্য প্রস্তাবিত “ওয়ান টু ওয়ান ইন্টারকম সিস্টেমসহ” একাধিক জরুরি মানবিক প্রকল্প বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
ঢাকাস্থ কারা সদর দপ্তরে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে। বৈঠকে ইন্সপেক্টর জেনারেল অব প্রিজন (IG Prison) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন মহোদয় মানবিক দৃষ্টিভঙ্গি ও আধুনিক কারা ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠক সূত্রে জানা যায়, বন্দীদের সঙ্গে স্বজনদের যোগাযোগ সহজ ও মানবিক করতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে “ওয়ান টু ওয়ান ইন্টারকম সিস্টেম” চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি কারাগারের দৈনন্দিন ব্যবস্থাপনায় আধুনিকায়নের অংশ হিসেবে অটোমেটিক রুটি মেকার সংযোজন এবং বন্দীদের নৈতিক ও মানবিক মানোন্নয়নে ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে।
এছাড়াও খুব শিগগিরই স্বজনদের সঙ্গে সাক্ষাতের জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যা কারা ব্যবস্থাপনায় স্বচ্ছতা, শৃঙ্খলা ও হয়রানি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, কারাগারকে শাস্তির স্থান নয়, বরং প্রকৃত অর্থে কারা সংশোধনাগার হিসেবে গড়ে তুলতেই এই মানবিক প্রকল্পগুলোর প্রস্তাব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইতিবাচক মনোভাবের ফলে প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের পথে এগোচ্ছে।
বিশ্লেষকদের মতে, আইজি প্রিজনের মতো দক্ষ ও জনবান্ধব কর্মকর্তাদের নেতৃত্বে কারা ব্যবস্থায় এই ধরনের সংস্কার উদ্যোগ বন্দীদের পুনর্বাসন ও মানবিক মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।