সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ায় ওসির বিরুদ্ধে অভিযোগ

জাতীয় বাংলাদেশ

এই বিষয়ে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ
রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ

রোববার বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বিরুদ্ধে এই অভিযোগ দেওয়া হয় বলে তিনি স্বীকার করেন।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, দুপুরে এটিএন বাংলার রাজশাহীর স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন ছোটনসহ বেশ কয়েকজন সাংবাদিক তার সঙ্গে সাক্ষাৎ করে লিখিত অভিযোগ জমা দেন।

পুলিশ কমিশনার বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

লিখিত অভিযোগে বলা হয়, সম্প্রতি বোয়ালিয়া মডেল থানায় ওসি নিবারণ চন্দ্রের নেতৃত্বে স্বর্ণের বার উদ্ধার করা হয়। এই উদ্ধারের ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়। এই প্রতিবেদন প্রকাশের পেছনে সুজাউদ্দিন ছোটনের ইন্ধন রয়েছে বলে ধারণা ওসি নিবারণের।

অভিযোগে বলা হয়, গত ১৫ অক্টোবর ওসি নিবারণ একজন সঙ্গীত শিল্পীর কাছে ছোটনকে নিয়ে সমালোচনা করেন এবং ছোটনের প্রাণনাশ করবেন বলেন। একই সঙ্গে যারা স্বর্ণের বার উদ্ধারের ঘটনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করেছেন ওইসব সাংবাদিকদেরও হত্যা করবেন বলে হুমকি দেন ওসি নিবারণ।

এই খবর শোনর পর তিনিসহ (ছোটন) সকল সাংবাদিক আতংকিত আছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করে বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, “স্বর্ণের বার উদ্ধারে আমি ছিলাম না। ওই সাংবাদিককে নিয়ে কারও কাছে কোনো মন্তব্যও করিনি।”

শনিবারও ওই সাংবাদিক ওসির সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন, বলেন ওসি নিবারণ।

এদিকে, সাংবাদিককে হুমকি দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খাঁন।

তিনি এই ঘটনায় জড়িত কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সুত্রঃ বিডিনিউস২৪

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *