রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পুলিশ সদস্য বরখাস্ত

রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পুলিশ সদস্য বরখাস্ত

জাতীয় বাংলাদেশ

দৈনিক তাজা খবর

প্রেমের ফাঁদে ফেলে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একজন এএসআই ও তাঁর পরিচিত এক যুবকের বিরুদ্ধে। গত রবিবারের এই ঘটনায় অভিযুক্ত এএসআই রায়হান ওরফে রাজুকে গতকাল সোমবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে রায়হানসহ দুজনের নামে রংপুর মহানগরের হারাগাছ থানায় মামলা করেন ভুক্তভোগী ছাত্রীর বাবা। রায়হানকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া এই ঘটনায় সহযোগিতার অভিযাগে আলেয়া বেগম ও সুরভী নামের দুই নারীকে আটক করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানিয়েছেন, নির্যাতিত কিশোরীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। সুষ্ঠু তদন্তের জন্য মামলাটি পিবিআইয়ের (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে রাজধানীর দক্ষিণখান থেকে অপহরণের দেড় মাস পর এক কিশোরীকে (১৩) গত রবিবার দিবাগত মধ্যরাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কালাদী এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব। অপহরণকারী ও তার সহযোগী গ্রেপ্তার হয়েছে।

পুলিশ জানায়, হারাগাছ থানা এলাকার নবম শ্রেণির এক স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এএসআই রায়হানুল ইসলাম। পরিচয়ের সময় রায়হান তাঁর ডাকনাম রাজু বলে জানান ছাত্রীটিকে। গত রবিবার সকালে ছাত্রীটিকে রায়হান ডেকে নেন হারাগাছের ক্যাদারের পুল এলাকায় শহিদুল্লাহ মিয়ার ভাড়াটিয়া আলেয়া বেগমের বাড়িতে। সেখানে রায়হান মেয়েটিকে ধর্ষণ করেন। এরপর তাঁর পরিচিত এক যুবক ধর্ষণ করেন তাকে। পরে মেয়েটি নিজেই পুলিশকে বিষয়টি জানায়।

কিশোরী অপহরণ করে ধর্ষণ, গ্রেপ্তার ২ : রাজধানীর দক্ষিণখানের ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন প্রধান অভিযুক্ত শাকিল (২১) ও তাঁর সহযোগী জাকির হোসেন (৪৫)। গত ১২ সেপ্টেম্বর দক্ষিণখানের আশকোনা আইসক্রিম ফ্যাক্টরির সামনে থেকে কিশোরীটিকে অপহরণ করা হয়। পরে কিশোরীর বাবা দক্ষিণখান থানায় অপহরণ মামলা করেন।

র‌্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল শাফী উল্লাহ বুলবুল জানান, গ্রেপ্তারকৃত শাকিল পরিবারসহ দক্ষিণখান এলাকাতেই বসবাস করেন। দীর্ঘদিন ধরে তিনি ভুক্তভোগী কিশোরীকে প্রেমসহ অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। বারবার প্রত্যাখ্যাত হয়ে তিনি ভুক্তভোগীকে অপহরণের পরিকল্পনা করেন। ঘটনার দিন শাকিল ও তাঁর সহযোগীরা ভুক্তভোগীকে কৌশলে বাসা থেকে বের করে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে শাকিল তাঁর চাচা আবুল কালামের সহায়তায় ভুক্তভোগীকে পিরোজপুরে নিয়ে যান। সেখানে মৌলভি ডেকে তাকে জোরপূর্বক মৌখিকভাবে বিয়ে করেন শাকিল এবং তার সঙ্গে স্ত্রীর মতো বসবাসে বাধ্য করেন। গত ৪ অক্টোবর কালাম নারায়ণগঞ্জে নিজ বাসার সঙ্গে একটি টিনশেড কক্ষ ভাড়া করে তাদের সেখানে নিয়ে আসেন। পরে রূপগঞ্জ থেকে কিশোরীটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চারজনকে যৌন নিপীড়ন, কিশোরসহ গ্রেপ্তার ৪ : ঢাকার সাভারের নামাবাজার কাঠপট্টি এলাকার একটি ভাড়া বাসায় রবিবার রাতে একজন পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সোমবার সাভার মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারীর বাবা। মামলা সূত্রে জানা যায়, রবিবার কারখানা থেকে বাসায় ফিরে রাতের খাবার খেয়ে নিজ কক্ষের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন ওই নারী (২৮)। রাত ৩টার দিকে এক ব্যক্তি কৌশলে দরজা খুলে কক্ষে ঢুকে তাঁকে ধর্ষণ করেন। তাঁর চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে ওই ব্যক্তি সটকে পড়েন। ধর্ষকের মুখে দাড়ি, গায়ে সাদা গেঞ্জি ও হাতে সাদা রঙের একটি আংটি ছিল।

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) আল আমিন জানান, অভিযুক্তকে পরিচয় শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের একটি মাদরাসায় এক শিশুকে (৮) একাধিকবার বলাত্কারের অভিযোগে দুই কিশোরকে (১১ ও ১২) গত রবিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। নোয়াখালী পৌর এলাকার একলাশপুর ও কাজী কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী ও অভিযুক্তরা হাফেজ মহিউদ্দিন (রহ.) তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদরাসার আবাসিক ছাত্র।

শিশুটির বাবা জানান, শিশুটিকে বলাত্কারের বিষয়টি মাদরাসার বড় হুজুরকে জানালে তিনি কাউকে না জানাতে শিশুটিকে হুমকি দেন। ঘটনার পর শিশুটি অসুস্থ হলেও মাদরাসা কর্তৃপক্ষ তার চিকিত্সার ব্যবস্থা করেনি। পরে রবিবার সন্ধ্যায় পুলিশের কাছে অভিযোগ দেওয়া হয়।

জামালপুরের সরিষাবাড়ীর চরপোগলদিঘা গ্রামে গত বুধবার রাতে ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রবিন মিয়া (২৩) নামের এক যুবককে রবিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চরপোগলদিঘার মোকাদ্দেস আলীর ছেলে। এই ঘটনায় ভুক্তভোগী মামলা করেছেন। আসামিকে গতকাল জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের আগলা এলাকায় মেয়েকে (১৩) ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতের ঘটনায় রবিবার সকালে কিশোরী রূপগঞ্জ থানায় মামলা করলে সন্ধ্যায় অভিযুক্ত বাবাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

তথ্যসুত্রঃ কালের কন্ঠ/ইন্টারনেট

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *