আরিফুল ইসলাম,অনলাইন ডেস্ক:
মহিমান্বিত শবে বরাত উপলক্ষে সারাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা গভীর শ্রদ্ধা, ভক্তি ও ইবাদতের মধ্য দিয়ে রাতটি পালন করছেন। মসজিদে মসজিদে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ব্যক্তি ও সমাজের কল্যাণ, দেশ ও জাতির শান্তি কামনায় মহান আল্লাহর দরবারে হাত তোলেন মুসল্লিরা।
ইসলামি ঐতিহ্যে শবে বরাতকে ক্ষমা, রহমত ও ভাগ্য নির্ধারণের এক মহিমান্বিত রাত হিসেবে দেখা হয়। এই রাতে আল্লাহ তায়ালা বান্দার তওবা কবুল করেন—এমন বিশ্বাস থেকে অনেকেই সারা রাত ইবাদতে মশগুল থাকেন। রাজধানীসহ বিভিন্ন শহরে মসজিদে মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
শবে বরাত উপলক্ষে অনেক পরিবার নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দান-সদকা করেন, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মাঝে খাবার বিতরণ করেন। আলেম-ওলামারা এই রাতে বিদআত পরিহার করে সহিহ পদ্ধতিতে ইবাদত করার ওপর গুরুত্বারোপ করেন এবং ব্যক্তি জীবনে নৈতিক শুদ্ধতার আহ্বান জানান।
ধর্মীয় নেতৃবৃন্দ বলেন, শবে বরাতের শিক্ষা শুধু একটি রাতের ইবাদতে সীমাবদ্ধ নয়—বরং সারাবছর অন্যায় বর্জন, ন্যায় প্রতিষ্ঠা ও মানবিক মূল্যবোধে নিজেকে গড়ে তোলার অঙ্গীকারই এই রাতের প্রকৃত শিক্ষা।