আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, দৈনিক তাজাখবর ডেস্ক:
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর চেয়ারম্যান পদকে ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে বিএনপি নেতা নিয়াজ মোহাম্মদ খানের নাম।
নগরীর বিভিন্ন মহল, বিশেষ করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তাকে এ পদে দেখতে চাওয়ার প্রবণতা দিন দিন জোরালো হচ্ছে বলে জানা গেছে।
রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন সক্রিয় থাকা নিয়াজ মোহাম্মদ খানকে মাঠপর্যায়ের সংগঠক হিসেবে মূল্যায়ন করছেন অনেকে। দলীয় দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকা, সাংগঠনিক কার্যক্রম সচল রাখা এবং রাজপথে সক্রিয় ভূমিকা রাখার কারণে তৃণমূল পর্যায়ে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।
একাধিক নেতাকর্মী জানান, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে তিনি বিভিন্ন মামলা ও হয়রানির শিকার হলেও সংগঠন থেকে বিচ্যুত হননি। বরং কঠিন সময়ে দলকে শক্তিশালী করতে ভূমিকা রাখেন, যা তাকে আলাদা অবস্থানে নিয়ে গেছে।
ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে সরলতা, যোগাযোগ দক্ষতা এবং মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখার কারণে তিনি চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে পরিচিত মুখ। নগরীর অলিগলি থেকে শুরু করে সামাজিক কার্যক্রমেও তার উপস্থিতি রয়েছে বলে জানা গেছে।
বর্তমানে তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি কাউন্সিলর, সিডিএ বোর্ডের সদস্য এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়ন ও চলমান প্রকল্পগুলোকে গতিশীল করতে অভিজ্ঞ ও মাঠমুখী নেতৃত্ব প্রয়োজন। সেই দৃষ্টিকোণ থেকে নিয়াজ মোহাম্মদ খানের নাম সামনে আসছে বলে মত দিয়েছেন অনেকেই।
এদিকে, সিডিএ চেয়ারম্যান পদে নিয়োগ প্রসঙ্গে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও নগর রাজনীতিতে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।