যশোর প্রতিনিধি:
যশোরের অভয়নগর উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে তিন মাটি ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৪ এপ্রিল) উপজেলার ১নং প্রেমবাগ ইউনিয়নের প্রেমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ্ববর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—শাহিন আলম, উসমান হোসেন ও রিফাত।
আদালত সূত্রে জানা যায়, প্রেমবাগ এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে কৃষিজমির মাটি কাটা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালায়। ঘটনাস্থলে অবৈধ মাটি উত্তোলনের সত্যতা পাওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ৭(ক) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫ ধারায় তাদের এ অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু। এ সময় অভয়নগর থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, কৃষিজমি সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।