আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, দৈনিক তাজাখবর ডেস্ক:
মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর স্মৃতি বিজড়িত চট্টগ্রামের ঐতিহাসিক বিপ্লব উদ্যানে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে এক হৃদয়স্পর্শী শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সংগঠনের নেতাকর্মীরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব এস কে খোদা তোতন। তিনি তার বক্তব্যে বলেন, “মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনে এক গৌরবময় অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।”
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি সোহাগ হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ মাসুদ খাঁন, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুকসহ নেতৃবৃন্দ—মোঃ খলিল, মোঃ কামাল উদ্দিন, মাসুদ, মোঃ আওয়াল, মোঃ সাজু এবং চট্টগ্রাম জেলা ও বিভিন্ন থানা কমিটির অসংখ্য নেতাকর্মী।
শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে নেতৃবৃন্দ মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে সকলে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি দেশপ্রেম ও শ্রদ্ধার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উপস্থিত সবার মাঝে গভীর আবেগ ও অনুপ্রেরণা সৃষ্টি করে।