আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, দৈনিক তাজাখবর ডেস্ক:
বাংলাদেশের সমাজ উন্নয়ন, নারী নেতৃত্ব ও কিশোর-কিশোরীদের ক্ষমতায়নে অনন্য অবদান রাখায় বিশিষ্ট সমাজকর্মী, গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব ফারজানা রশীদ ব্রাউনিয়াকে HRRS Global Excellence Award 2026-এর জন্য মনোনীত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন HRRS-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান ইকবাল আলমগীর।
১৯৭৬ সালের ১৩ ফেব্রুয়ারি ঢাকায় জন্মগ্রহণকারী ফারজানা ব্রাউনিয়া শিক্ষাজীবনে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। তিনি হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে BSS ও MSS ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, মেলবোর্ন থেকে MBA ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ (NDC), ঢাকা থেকে Capstone Course (২০১৭) এবং যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের Judge Business School থেকে Cambridge Rising Women Leaders সম্মাননা অর্জন করেন। বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP)-এ তাঁর ডক্টরাল গবেষণা সম্পন্ন হয়েছে।
ফারজানা ব্রাউনিয়া দীর্ঘদিন ধরে নারী, শিশু ও কিশোর-কিশোরীদের অধিকার, স্বাস্থ্য ও ক্ষমতায়ন নিয়ে কাজ করে যাচ্ছেন। তাঁর প্রতিষ্ঠিত স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন সারা দেশে স্কুলভিত্তিক ক্লাব গঠনের মাধ্যমে তরুণদের নেতৃত্ব, জীবনদক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাল্যবিবাহ প্রতিরোধ, প্রজনন স্বাস্থ্য সচেতনতা, মানসিক সুস্থতা, পুষ্টি এবং স্কুল ঝরে পড়া রোধে তাঁর কার্যক্রম ইতোমধ্যে দেশজুড়ে প্রশংসিত হয়েছে।
একই সঙ্গে তিনি একজন সফল টেলিভিশন উপস্থাপক, প্রযোজক, পরিচালক ও মঞ্চ সঞ্চালক হিসেবে গণমাধ্যমে সক্রিয় ভূমিকা রাখছেন। স্বাস্থ্য, সমাজ উন্নয়ন ও নারী ক্ষমতায়ন বিষয়ে তাঁর গবেষণাধর্মী লেখা ও বই তরুণ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হচ্ছে।
মানবিক কাজেও তিনি সমানভাবে অগ্রণী। প্রতি বছর রমজান মাসে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং সামাজিক সংহতি গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ পরিচালনা করছেন তাঁর সংগঠনের মাধ্যমে।
দেশ-বিদেশে নানা সম্মাননা প্রাপ্ত এই সমাজনেত্রীর HRRS Global Excellence Award 2026-এ মনোনয়ন তাঁর দীর্ঘদিনের নিরলস অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
ফারজানা রশীদ ব্রাউনিয়া বলেন, “আজকের কিশোরীই আগামী দিনের সচেতন মা ও শক্তিশালী নাগরিক। তাই কিশোর-কিশোরীদের অধিকার, শিক্ষা ও সুস্বাস্থ্য নিশ্চিত করাই আমাদের ভবিষ্যৎ বিনির্মাণের মূল চাবিকাঠি।”
এই মনোনয়নের জন্য তাঁকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে।