আরিফুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সেহরি সামগ্রী বিতরণ করেছে বিএনপি নেতাকর্মীরা।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের উদ্যোগে মধ্যম শুলকবহর ওয়ার্ডের চৌধুরী বাড়ি এলাকায় এই সেহরি সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ বিএনপির নিয়মিত সামাজিক কার্যক্রমের একটি অংশ। অতীতের কঠিন সময়েও দল সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ অব্যাহত থাকবে।
তিনি বলেন, দেশের সাধারণ মানুষ সব সময় বিএনপির পাশে থেকেছে। জনগণের ভোটে বিজয়ী হয়ে মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। তাই মানুষের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করছি। আজকের আয়োজনে সবাইকে অন্তর্ভুক্ত করা সম্ভব না হলেও ভবিষ্যতে আরও বড় পরিসরে মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে।
সমাজের নৈতিক অবক্ষয়ের সমালোচনা করে তিনি বলেন, সমাজে কিছু মানুষ রয়েছে যারা নিজেদের মা-বোনের সম্মান ও অধিকার হরণ করে। আবার অনেকেই উচ্চশিক্ষা অর্জন করেও মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়—এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত নিন্দনীয়। প্রকৃত শিক্ষা তখনই অর্থবহ হয়, যখন মানুষ মানবিক মূল্যবোধ ধারণ করে এবং মানুষের পাশে দাঁড়ায়।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড চালু এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নারীদের স্বাবলম্বী করা ও বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে, যাতে তারা আত্মনির্ভরশীল হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
৮নং শুলকবহর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক এইচ.এম. আজাদের সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন কবির আপেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, মহানগর মহিলা দলের সাবেক সহ-সভাপতি রাহেলা জামান, পাঁচলাইশ থানা মহিলা দলের সভাপতি সাইমা হক, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল কবির পলাশ এবং ৮নং শুলকবহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মেহেদীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।