আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, দৈনিক তাজাখবর ডেস্ক:
ফেনীর দেবীপুর এলাকায় যুবদল নেতা মানিকসহ কয়েকজনের বিরুদ্ধে একটি স্থানীয় গণমাধ্যমে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ সংবাদ প্রচারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
রোববার (১৫ মার্চ) বিকেলে দেবীপুর বাজার এলাকায় আয়োজিত এই মানববন্ধনে শত শত মানুষ অংশ নিয়ে প্রতিবাদী ব্যানার ও প্ল্যাকার্ড হাতে সংবাদটির তীব্র নিন্দা জানান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হাঁস ব্যবসায়ী নয়ন ও আবু বক্করের মধ্যে তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। তবে এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে যুবদল নেতা মানিকসহ কয়েকজনকে জড়িয়ে মামলা দায়ের করা হয় বলে অভিযোগ ওঠে। পরে পুলিশ ওই ঘটনায় নয়নকে গ্রেপ্তার করে, যিনি সরাসরি আবু বক্করের সঙ্গে সংঘর্ষে জড়িত ছিলেন।
এলাকাবাসীর অভিযোগ, একটি কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা হাসিল এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সাংবাদিকদের কাছে ভুল তথ্য সরবরাহ করে এই ‘মিথ্যা সংবাদ’ প্রচার করিয়েছে।
এ বিষয়ে মানিকের বড় ভাই ও হাঁস ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তার খামারে একদল দুর্ধর্ষ সন্ত্রাসী হামলা চালায়। এ সময় খামারের ম্যানেজারকে অস্ত্রের মুখে জিম্মি করে বেধড়ক মারধর করা হয় এবং নগদ প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। পুরো ঘটনাটি খামারের সিসিটিভি ক্যামেরায় ধারণ হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
সাইফুল ইসলাম আরও বলেন, ঘটনার সময় গ্রামবাসী ধাওয়া দিলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তিনি নিজেই বাদী হয়ে আবু বক্করের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সিসিটিভি ফুটেজে প্রকৃত অপরাধীদের স্পষ্ট দেখা গেলেও তাদের গ্রেপ্তার না করে উল্টো ষড়যন্ত্রমূলকভাবে নিরপরাধ রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানি করা হচ্ছে। তারা দ্রুত মানিকসহ অন্যদের নামে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার এবং খামারে লুটপাটকারী প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান।
ফেনীর দেবীপুরে যুবদল নেতা মানিককে জড়িয়ে ‘মিথ্যা সংবাদ’ প্রচারের প্রতিবাদে উত্তাল মানববন্ধন