সীতাকুণ্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবক নিহত, আহত ৮

জাতীয় বাংলাদেশ রাজনীতি
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সজিব (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন।

বুধবার (১১ মার্চ) সকাল প্রায় ১০টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোপ্তাখালী আমতলী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত সজিব মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খোরমাওয়ালা গ্রামের শাহ আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মুরাদপুর ইউনিয়ন পরিষদের সামনে যুবদল নেতা শাহাবুদ্দিন ও আলিমের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে শাহাবুদ্দিনের অনুসারীরা আলিমকে লক্ষ্য করে একটি দোকানের সামনে হামলা চালায়। এ ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে সজিব গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। সংঘর্ষে উভয় পক্ষের আরও অন্তত আটজন আহত হয়েছেন।

জানা গেছে, শাহাবুদ্দিন মুরাদপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং ফসলি জমির মাটি কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর আগে এ বিরোধকে কেন্দ্র করে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুর ইসলাম বলেন, দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং আরও আটজন আহত হয়েছেন। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের একটি টিম কাজ করছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠানো হয়েছে।

নিউজ ট্যাগস:

সীতাকুণ্ড, চট্টগ্রাম, বিএনপি সংঘর্ষ, যুবক নিহত, সজিব হত্যা, মুরাদপুর ইউনিয়ন, যুবদল নেতা, আধিপত্য বিস্তার, রাজনৈতিক সংঘর্ষ, চমেক হাসপাতাল

সীতাকুণ্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবক নিহত, আহত ৮

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *