ফেরি ও সীট্রাক চলাচল নিয়ে অনিশ্চয়তা: বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন সন্দ্বীপবাসী

জাতীয় বাংলাদেশ যোগাযোগ

তাজাখবর ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র নৌ যোগাযোগ ব্যবস্থা ফেরি ও সীট্রাক চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

তাদের মতে, এই নৌপথ কোনো বিলাসিতা নয়; বরং শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও জরুরি সেবার জন্য এটি সন্দ্বীপবাসীর জীবনরেখা।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিন হাজারো মানুষ সন্দ্বীপ থেকে চট্টগ্রাম নগরীতে যাতায়াত করেন। শিক্ষার্থী, রোগী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের জন্য ফেরি ও সীট্রাকই প্রধান ভরসা। নৌ যোগাযোগ বন্ধ হয়ে গেলে প্রায় পাঁচ লক্ষ মানুষ কার্যত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন দ্বীপবাসী।

সচেতন মহলের অভিযোগ, দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান দীর্ঘদিন লোকসানে পরিচালিত হলেও সেগুলো বন্ধ করা হয় না। অথচ সন্দ্বীপ রুটে একটি জাহাজ বা ফেরির লাভ-লোকসানের বিষয় সামনে এনে যোগাযোগ ব্যবস্থা সীমিত করার আলোচনা করা হচ্ছে, যা দ্বীপবাসীর কাছে অযৌক্তিক বলে মনে হচ্ছে।

স্থানীয়রা জানান, দ্বীপাঞ্চলে টেলিযোগাযোগ, আবহাওয়া ও অন্যান্য সরকারি সেবার মান এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। এর মধ্যেই নৌ যোগাযোগ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগ বাড়ার আশঙ্কা রয়েছে।

ব্যবসায়ী ও শিক্ষার্থীরা বলেন, ফেরি ও সীট্রাক চলাচল বন্ধ হলে স্থানীয় অর্থনীতি স্থবির হয়ে পড়বে এবং জরুরি চিকিৎসা সেবা গ্রহণ মারাত্মকভাবে ব্যাহত হবে।

সন্দ্বীপবাসীর দাবি, দেশের সার্বিক উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্বীপাঞ্চলেও নিরাপদ, নিয়মিত ও আধুনিক নৌ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সন্দ্বীপ রুটে ফেরি, সীট্রাক ও সকল নৌযান চলাচল অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন তারা।

ফেরি ও সীট্রাক চলাচল নিয়ে অনিশ্চয়তা: বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন সন্দ্বীপবাসী

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *