আরিফুল ইসলাম, চট্টগ্রাম , তাজা খবর ডেস্ক:
চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান গতকাল চট্টগ্রাম জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন।
হাসপাতালের চিকিৎসা সেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে তিনি রোগী, স্বজন এবং কর্তব্যরত চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে হাসপাতালের আইসিইউতে ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই করেন।
এমপি সুফিয়ান বলেন, স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিএনপি অঙ্গীকারবদ্ধ। স্বাস্থ্যখাতে উন্নয়নের জন্য এক বছরে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, যার ৮০% হবে নারী, বিএনপির কর্মপরিকল্পনার অংশ।
তিনি আরও জানান, হাসপাতাল ২৫০ শয্যা বিশিষ্ট থাকলেও সেবার মান নিশ্চিত করতে আসন সংখ্যা বাড়ানোর চেয়ে গুণগত মান উন্নয়নই প্রধান লক্ষ্য। হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তর, জরাজীর্ণ ভবন সংস্কার, নতুন অবকাঠামো নির্মাণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কার্যকর পদক্ষেপ নেবেন।
সভায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. একরাম হোসেন হাসপাতালের ইতিহাস ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে ডকুমেন্টারি উপস্থাপন করেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, ড্যাব কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. বেলায়েত হোসেন ঢালী প্রমুখ।