তারাবিতে মসজিদ থেকে ছাত্রশিবির নেতা টেনে বের করে মারধর, সন্দ্বীপে তীব্র ক্ষোভ

জাতীয় বাংলাদেশ রাজনীতি

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নে পবিত্র তারাবির নামাজ চলাকালে মসজিদের ভেতর থেকে এক ছাত্রশিবির নেতাকে টেনে বের করে মারধরের অভিযোগ উঠেছে।

শুক্রবার রাতে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জমির মাঝির মসজিদে এ ঘটনা ঘটে। আহত জিহাদ (২০) বাউরিয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সেক্রেটারি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের তারাবির নামাজের সময় জিহাদ মসজিদে ইবাদতে মগ্ন ছিলেন। এ সময় জাসিব, নিরব ও নাঈমসহ কয়েকজন ব্যক্তি মসজিদে প্রবেশ করে তাকে জোরপূর্বক বাইরে নিয়ে যান। পরে মসজিদের আঙিনায় রাজনৈতিক স্লোগান দিতে দিতে লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করা হয়। উপস্থিত মুসল্লিরা বাধা দেওয়ার চেষ্টা করলেও হামলাকারীদের হাতে অস্ত্র থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি।

জিহাদের সহকর্মীদের দাবি, সাম্প্রতিক নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করা এবং রাজনৈতিক বিরোধের জের ধরেই এ হামলা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও রক্তক্ষরণ রয়েছে।

রমজান মাসে মসজিদের ভেতরে এ ধরনের ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সন্দ্বীপ থানার ওসি জায়েদ নূর বলেন, পুলিশ ঘটনাটি জানার পর থেকেই সক্রিয় রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তারাবিতে মসজিদ থেকে ছাত্রশিবির নেতা টেনে বের করে মারধর, সন্দ্বীপে তীব্র ক্ষোভ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *