বায়েজিদে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তল ও ৫৬ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ২

জাতীয় বাংলাদেশ
আরিফুল ইসলাম, চট্টগ্রাম,১৮ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও ৫৬ রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে বায়েজিদ লিংক রোড সংলগ্ন একটি বহুতল ভবনে এ অভিযান পরিচালিত হয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন— নগরের পাঁচলাইশ থানা এলাকার মুরাদপুরের চার মামলার আসামি ইমতিয়াজ সুলতান ইকরাম (২৮) এবং একই থানার বিবিরহাট এলাকার আবুল কালাম আজাদ (৬২)।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয় সূত্রে ইমতিয়াজ সুলতান ইকরাম চট্টগ্রামের অপরাধ জগতের পরিচিত মুখ হিসেবে চিহ্নিত। তিনি গত বছরের ৫ নভেম্বর চট্টগ্রাম-৮ আসন–এ একটি জনসংযোগ কর্মসূচিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত সরোয়ার বাবলার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলে অভিযোগ রয়েছে।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সময় মধ্যপ্রাচ্যে অবস্থানকালে এবং দেশে আসা–যাওয়ার সময় ইমতিয়াজ বায়েজিদ বোস্তামী, অক্সিজেন ও মুরাদপুর এলাকার বিভিন্ন ব্যবসায়ীর কাছে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইন্টারনেট কলের মাধ্যমে, এমনকি বিদেশি নম্বর ব্যবহার করে চাঁদা দাবি করতেন।

এছাড়া ‘রিচ কিডস’ নামে একটি কিশোর গ্যাং পরিচালনার সঙ্গেও তার সম্পৃক্ততার তথ্য পেয়েছে র‍্যাব। অপর গ্রেপ্তার আবুল কালাম আজাদ ইমতিয়াজের ঘনিষ্ঠ সহযোগী ও ব্যক্তিগত গাড়িচালক হিসেবে চাঁদার অর্থ উত্তোলনে সহায়তা করতেন বলে জানানো হয়।

র‍্যাবের সহকারী পরিচালক জানান, সিডিএমএস পর্যালোচনায় ইমতিয়াজের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও মহানগরের বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা, হত্যাচেষ্টা, নাশকতা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বায়েজিদে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তল ও ৫৬ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ২

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *