সেই সবুজ জার্সিতেই সংসদে হাসনাত আব্দুল্লাহ

জাতীয় বাংলাদেশ রাজনীতি
ঢাকা প্রতিনিধি,প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২২ পিএম

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল রাজপথ থেকে সরাসরি সংসদ ভবন—আর মাঝখানে নেই পোশাকের কোনো পরিবর্তন।

সেই চিরচেনা সবুজ টি-শার্ট পরেই শপথ নিতে সংসদে হাজির হলেন জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২৬ মিনিটে দলের প্রধান নাহিদ ইসলাম-এর সঙ্গে একই গাড়িতে সংসদ ভবন এলাকায় প্রবেশ করেন তিনি। এ সময় নাহিদ ইসলাম ছিলেন নীল রঙের এককালার পাঞ্জাবিতে, আর হাসনাত আব্দুল্লাহ পরেছিলেন তার সেই পরিচিত সবুজ জার্সি—যেটিতে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর লোগো।

জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতে রাজপথে সম্মুখসারিতে এই পোশাকেই বারবার দেখা গেছে তাকে। ফলে সবুজ টি-শার্টটি এখন কেবল একটি পোশাক নয়—সমর্থকদের কাছে এটি আন্দোলনের চেতনা ও প্রতিরোধের প্রতীক।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা সংসদ ভবনে শপথ নেন। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।

সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন এবং আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

রাজপথের প্রতীকী পোশাক নিয়েই সংসদে প্রবেশ—হাসনাত আব্দুল্লাহ যেন বার্তা দিলেন, আন্দোলনের চেতনা এখন আইনসভায়ও উচ্চারিত হবে।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *