সৌহার্দ্যের রাজনীতি: জামায়াত প্রার্থীকে মিষ্টিমুখ করালেন বিএনপির বিজয়ী আসলাম চৌধুরী

জাতীয় বাংলাদেশ রাজনীতি

আরিফুল ইসলাম, চট্টগ্রাম প্রতিনিধি:

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে বিজয়ী বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী তার প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আনোয়ার সিদ্দিকী–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নির্বাচনের তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ স্থানীয় রাজনীতিতে ভদ্রতা ও সহনশীলতার নতুন বার্তা দিল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে আসলাম চৌধুরী সরাসরি আনোয়ার সিদ্দিকীর বাসভবনে যান। সেখানে কুশল বিনিময়ের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মিষ্টিমুখ করান এবং তার শারীরিক খোঁজখবর নেন। এসময় তিনি সীতাকুণ্ডের উন্নয়ন ও জনকল্যাণে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সাক্ষাতে আসলাম চৌধুরী বলেন,

“নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। কিন্তু এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

তিনি ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে সীতাকুণ্ডকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

জবাবে আনোয়ার সিদ্দিকী সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে আসলাম চৌধুরী যদি মন্ত্রীর দায়িত্ব পান, তাহলে সীতাকুণ্ডসহ পুরো অঞ্চলের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

সৌজন্য সাক্ষাৎকালে বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জুমার নামাজ শেষে আসলাম চৌধুরী স্থানীয় মসজিদে দোয়া ও শোকরানা মাহফিলে অংশ নেন। বিকেলে নিজ বাসভবনে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে তাকে ফুল ও মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান সাধারণ মানুষ।

রাজনৈতিক শিষ্টাচার ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এই দৃশ্য সীতাকুণ্ডের রাজনীতিতে একটি ইতিবাচক সংস্কৃতির উদাহরণ হিসেবে প্রশংসা কুড়াচ্ছে।

সৌহার্দ্যের রাজনীতি: জামায়াত প্রার্থীকে মিষ্টিমুখ করালেন বিএনপির বিজয়ী আসলাম চৌধুরী

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *