দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ
ইসরায়েলে নেতানিয়াহুর ১২ বছরের শাসনের অবসান হচ্ছে, গঠিত হচ্ছে নাফতালি বেনেতের নতুন সরকারঃ দৈনিক তাজা খবর।
ইসরায়েলে একটি নতুন সরকার গঠনে চুক্তিতে পৌঁছেছে সেখানকার বিরোধী দলগুলো, যা দেশটির প্রধানমন্ত্রী হিসেবে বেনইয়ামিন নেতানিয়াহুর ১২ বছরের শাসনের সমাপ্তির পথ পরিষ্কার করে দিলো।
সেখানে আটটি দল মিলে একটি কোয়ালিশন সরকার গঠন করতে সক্ষম হয়েছে। মধ্যপন্থী দল ইয়েশ আতিদ পার্টির নেতা ইয়াইর লাপিদ এ বিষয়ে ঘোষণা দিয়েছেন।
চুক্তি অনুযায়ী ডানপন্থী দল ইয়ামিনা পার্টির প্রধান নাফতালি বেনেত শুরুতে প্রধানমন্ত্রী হবেন। এরপর তিনি ইয়াইর লাপিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।
সরকারের শপথ গ্রহণের আগে অবশ্য পার্লামেন্টে এ নিয়ে ভোট হতে হবে।
ইয়াইর লাপিদ এক বিবৃতিতে জানিয়েছেন যে তিনি প্রেসিডেন্ট রুভেন রিভলিনকে কোয়ালিশন চুক্তি সম্পর্কে অবহিত করেছেন।
তিনি বলেন, “আমি অঙ্গীকার করছি যে এই সরকার সকল ইসরায়লি নাগরিকের সেবায় কাজ করবে – যারা এর জন্য ভোট দিয়েছেন, এবং যারা ভোট দেননি।”
“এই সরকার তার বিরোধীদের সম্মান করবে এবং ইসরায়েলের সমাজের সকল অংশকে একত্রিত করতে সাধ্যমত সবকিছু করবে।”