কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামের আসাদুজ্জামান ওরফে আসাদ ডিলারের কাছে পাওনা টাকা চাওয়ায় বদরউদ্দিন সরকার ওরফে হাকিম নামে এক মুক্তিযোদ্ধার সন্তানকে দা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বদরউদ্দিন সরকার উপজেলার আঙ্গিয়াদী গ্রামের মুক্তিযোদ্ধা হাসিম উদ্দিনের ছেলে। আজ বুধবার বিকেলে উপজেলার লাউতলী বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার বাহাদিয়া গ্রামের মৃত গেদু মিয়ার ছেলে আসাদ ডিলার একজন পোল্ট্রি ব্যবসায়ী ও খামারি। প্রায় চার বছর আগে ছয় হাজার বস্তা মুরগির খাদ্য ভাড়ায় রাখেন আঙ্গিয়াদী গ্রামের বদর উদ্দিনের লাউতলী বাজারস্থ গুদামে। প্রতি বস্তা খাদ্য ২০ টাকা করে ভাড়া নির্ধারণ করে রেখেছিলেন আসাদ ডিলার। গুদাম থেকে খাদ্যের বস্তা নিয়ে গেলেও ভাড়ার এক লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেননি আসাদ ডিলার। ভাড়ার টাকা চাইলে দেই-দিচ্ছি বলে তালবাহানা করে সময় ক্ষেপন করতে থাকেন আসাদ ডিলার।
বুধবার বিকেল ৫টার দিকে আসাদ ডিলার লাউতলী বাজারে আসলে হাকিম তার কাছে পাওনা টাকা চাইলে আসাদ ডিলার টাকা না দিয়ে উল্টো হাকিমকে অশালিন ভাষায় গালাগাল করতে থাকেন। এর প্রতিবাদ করলে পাশের দোকান থেকে একটি দা এনে হাকিমের মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার ছোট ভাই ফরহাদ ও ভাতিজা সোহাগ মিয়া হাকিমকে লাঠি দিয়ে এলোপাতারি মারপিট করেন। তখন হাকিমের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা চলে যায়। খবর পেয়ে পিতা হাসিম উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাকিমকে একটি অটোরিকসা যোগে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। হাকিম বর্তমানে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
হাসপাতালে চিকিৎসাধীন হাকিম বলেন, আসাদ ডিলার আগামি ইউপি নির্বাচনে এগারসিন্দুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী। এ লক্ষ্যে বুধবার বিকেলে তার কর্মী-সমর্থকদের নিয়ে লাউতলী বাজারে নির্বাচনী প্রচারণা করতে আসেন। আমার দোকানের সামনে আসলে আমি তাকে বললাম আপনি নির্বাচন করছেন কিন্তু আমার পাওনা টাকা দিচ্ছেন না কেন। এ কথা বলা মাত্রই আসাদ ডিলার ও তার সমর্থকরা আমার উপর অতর্কিত হামলা চালায়। আমি তার বিচার চাই।
অভিযুক্ত আসাদ ডিলার বলেন, আমি তাকে মারিনি। আমার ওপর মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার জাহান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।