স্ত্রীকে হত্যা করলেন শ্বশুরবাড়িতেই

স্ত্রীকে হত্যা করলেন শ্বশুরবাড়িতেই সুনামগঞ্জে

জাতীয় বাংলাদেশ

দৈনিক তাজা খবর

সুনামগঞ্জের জামালগঞ্জে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন স্বামী। গত শুক্রবার রাতে ক্ষেতি মামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সামিয়া বেগম (১৯) ওই গ্রামের গোলাম জিলানীর মেয়ে। হত্যার পর পালিয়ে যাওয়ার সময় ঘাতক স্বামী জালাল উদ্দিনকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামের লোকজন। এ ঘটনায় গৃহবধূর দাদা আব্দুল গফুর বাদী হয়ে হত্যা মামলা করেছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মার্চে ভিমখালীর ক্ষেতি মামুদপুর গ্রামের মধ্যপ্রাচ্যপ্রবাসী গোলাম জিলানীর মেয়ে সামিয়া বেগমকে বিয়ে করে সুনামগঞ্জ সদর উপজেলার ইচ্চারচর গ্রামের আব্দুস সোবানের ছেলে জালাল উদ্দিন। যৌতুকের জন্য প্রায়ই স্ত্রীকে মারধর করতেন জালাল। এ নিয়ে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। মাসখানেক আগে নির্যাতন সইতে না পেরে বাবার বাড়ি চলে যান সামিয়া বেগম। গত শুক্রবার স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি যান জালাল। কিন্তু স্ত্রীর স্বজনরা বাবা ও মা ছাড়া মেয়েকে তাঁর হাতে তুলে দেবেন না বলে জানালে ক্ষুব্ধ হন জালাল। রাতে সবাই শুয়ে পড়লে ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যা করেন তিনি। জামালগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন, ‘আমরা ঘাতক জালালকে আটক করেছি।’

 

তথ্যসুত্রঃ কালের কন্ঠ/ইন্টারনেট

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *