সীতাকুণ্ডে সংবাদ সম্মেলন: যুবদল নেতা রোকন উদ্দিনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি

জাতীয় বাংলাদেশ রাজনীতি
দৈনিক তাজাখবর,চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল নেতা মো. রোকন উদ্দিন মেম্বারসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘ষড়যন্ত্রমূলক ও মিথ্যা’ আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সীতাকুণ্ড উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

রবিবার (১৫ মার্চ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানের সময় সন্ত্রাস দমনে যুবদলের নেতাকর্মীরা নৈতিক সমর্থন ও সহযোগিতা প্রদান করেছিলেন। এতে দীর্ঘদিন ধরে আতঙ্কে থাকা স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, ওই ঘটনার পর পরিকল্পিতভাবে কিছু গণমাধ্যমে যুবদল নেতা রোকন উদ্দিন মেম্বারের নাম জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে পুলিশ প্রশাসনের মাধ্যমে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যা তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি বলে উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, অতীতে জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তবে সাম্প্রতিক যৌথ অভিযানের ফলে পরিস্থিতির উন্নতি হয়েছে এবং এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে বলে দাবি করেন তারা। এ সময় অভিযান পরিচালনাকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদও জানান বক্তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের সভাপতি ফজলুল করিম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মো. ইসমাইল হোসেন, মো. খোরশেদ আলম মেম্বার, সাধারণ সম্পাদক মো. কোরান আলী সাহেদ, তাঁতীদলের সভাপতি এস. এম. লোকমান হাকিম, যুবদলের মোহাম্মদ জাহাঙ্গীর, খ. ম. নাজিম উদ্দীন, মো. সাহাব উদ্দীন (রাজু), মো. সাইফু উদ্দিন, মো. আনোয়ার হোসেন, মো. মঞ্জুসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও দলীয় নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহার এবং রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি বন্ধে সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি দেওয়ার কথাও জানান তারা।

সীতাকুণ্ডে সংবাদ সম্মেলন: যুবদল নেতা রোকন উদ্দিনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *