আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, তাজাখবর র্ডেস্ক :
দীর্ঘ দেড় দশকের রাজনৈতিক প্রতিকূলতা পেরিয়ে অর্থনৈতিক স্বাবলম্বিতার লক্ষ্যে চট্টগ্রামে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘চট্টগ্রাম এসোসিয়েটস লিমিটেড’।
রোববার বিকেল ৫টায় নগরীর লালদিঘি পাড়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কনফারেন্স হলে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করা হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস.কে. খোদা তোতনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম বক্কর। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনের সঞ্চালনা ও স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমগীর নূর।
প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসেম বক্কর বলেন, রাজপথে ত্যাগ স্বীকারকারী নেতাকর্মীদের এই স্বাবলম্বী হওয়ার উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। ২০০ উদ্যোক্তার সম্মিলিত প্রয়াস চট্টগ্রামের অর্থনীতিতে নতুন গতি যোগ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে এস.কে. খোদা তোতন বলেন, “চট্টগ্রাম এসোসিয়েটস লিমিটেড শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি ঐক্য ও পুনর্গঠনের প্রতীক। দীর্ঘদিনের বঞ্চনা কাটিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের শক্তিকে একটি সফল ব্যবসায়িক মডেলে রূপ দেওয়াই আমাদের লক্ষ্য।”
ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমগীর নূর বলেন, এটি মূলত রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত কর্মীদের অর্থনৈতিক পুনর্বাসনের একটি কার্যকর প্ল্যাটফর্ম, যেখানে স্বনির্ভরতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফিন্যান্স ডিরেক্টর মোস্তফা কামাল তালুকদার। এ সময় চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।