আরিফুল ইসলাম, তাজাখবর ডেস্ক, চট্টগ্রাম প্রতিনিধি :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের বাউরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের অবস্থান তুলে ধরেছেন প্রবাসী জাহেদ আমানী।
তিনি নিজেকে তৃণমূলের সন্তান হিসেবে পরিচয় দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
জাহেদ আমানী বলেন, তিনি কোনো প্রচলিত রাজনৈতিক প্রতিশ্রুতি দিতে আসেননি; বরং বাউরিয়ার সাধারণ মানুষের অধিকার আদায়ের একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করতে চান। বিশেষ করে জেলে পাড়া ও বেড়িবাঁধ এলাকার মানুষের জীবনসংগ্রামের সাথে নিজের শৈশবের স্মৃতি জড়িয়ে থাকার কথা উল্লেখ করে তিনি জানান, এসব এলাকার সমস্যাগুলো তিনি খুব কাছ থেকে দেখেছেন।
তিনি অভিযোগ করেন, অনেক প্রার্থীর কাছে কালো টাকা ও পেশিশক্তি থাকলেও তার মূল শক্তি হচ্ছে জনগণের প্রতি ভালোবাসা এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন গড়ার অঙ্গীকার।
তার ঘোষিত পরিকল্পনার মধ্যে রয়েছে—
ডিজিটাল বাউরিয়া গড়ে তোলা, পুরো ইউনিয়নে সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে নিরাপত্তা জোরদার, সন্ত্রাস-চাঁদাবাজি ও মাদক নির্মূল, হাট-বাজার আধুনিকায়ন, রাস্তাঘাট উন্নয়ন এবং সরকারি খাল ও জলাশয় উন্মুক্ত রাখা।
এছাড়া জেলে সম্প্রদায় ও বেড়িবাঁধ এলাকার বাসিন্দাদের অধিকার নিশ্চিত করাকে তিনি অগ্রাধিকার দেওয়ার কথা জানান। ইউনিয়ন পরিষদকে দালাল ও ঘুষমুক্ত করে নাগরিক সেবা সহজ ও হয়রানিমুক্ত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
পেশাগতভাবে একজন গ্রাফিক ডিজাইনার ও প্রবাসী হিসেবে প্রযুক্তিনির্ভর আধুনিক ইউনিয়ন গঠনের পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন জাহেদ আমানী।
তিনি আরও বলেন, ব্যক্তিগত শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও জনগণের সমস্যা শোনার জন্য তার আন্তরিকতা ও দরজা সবসময় খোলা থাকবে।
শেষে তিনি বাউরিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়নে জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।
বাউরিয়ায় পরিবর্তনের বার্তা: প্রবাসী জাহেদ আমানীর নির্বাচনী অঙ্গীকারে উন্নয়ন ও সুশাসনের প্রত্যয়
Please Share This Post in Your Social Media