দৈনিক তাজাখবর ডেস্ক, চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডকে একটি আধুনিক, পরিকল্পিত, নিরাপদ ও পরিবেশবান্ধব আবাসযোগ্য এলাকায় রূপান্তরের সুস্পষ্ট প্রত্যয় ব্যক্ত করেছেন
জামায়াতে ইসলামীর মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী এবং আল-আমীন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউসুফ চৌধুরী।
সম্প্রতি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ সমাজ ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে ধারাবাহিক মতবিনিময়কালে তিনি বলেন, “একটি উন্নত সমাজ গঠনের মূল শক্তি হলো সুস্থ, সচেতন ও কর্মমুখী তরুণ প্রজন্ম। কিন্তু বর্তমান সময়ে মোবাইল ফোন ও ভার্চুয়াল জগতের অতিরিক্ত আসক্তি তরুণদের শারীরিক ও মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করছে। এই অবস্থা থেকে উত্তরণে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সামাজিক সম্পৃক্ততা বাড়ানো জরুরি।”
তিনি জোর দিয়ে বলেন, “প্রতিটি মহল্লায় খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা, খেলার মাঠ সংরক্ষণ ও নতুন করে মাঠ তৈরির উদ্যোগ নিতে হবে। তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতে পারলে অপরাধ প্রবণতা ও মাদকাসক্তি অনেকাংশে কমে আসবে।”
মুহাম্মদ ইউসুফ চৌধুরী তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, “আমি ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডকে একটি ‘স্মার্ট ও নিরাপদ ওয়ার্ড’ হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে থাকবে উন্নত নাগরিক সেবা, সুশৃঙ্খল বর্জ্য ব্যবস্থাপনা, আধুনিক ড্রেনেজ সিস্টেম, নিরাপদ সড়ক ব্যবস্থা এবং প্রযুক্তিনির্ভর সেবার নিশ্চয়তা।”
তিনি আরও যোগ করেন, “ওয়ার্ডবাসীর প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। নাগরিকদের অভিযোগ দ্রুত সমাধানের জন্য আধুনিক যোগাযোগ ব্যবস্থাও চালু করা হবে।”
একইসাথে তিনি একটি মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করে বলেন, “মাদক আমাদের যুবসমাজকে ধ্বংস করছে। এ থেকে উত্তরণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে।”
পরিবেশ সংরক্ষণ নিয়েও তিনি গুরুত্বারোপ করে বলেন, “উত্তর পাহাড়তলীকে একটি ‘গ্রিন ওয়ার্ড’ হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ, খাল-নালা সংরক্ষণ, পরিচ্ছন্নতা অভিযান ও পরিবেশবান্ধব উদ্যোগ নেওয়া হবে। একটি বাসযোগ্য, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করাই হবে আমাদের অগ্রাধিকার।”
তিনি বলেন, “ওয়ার্ডবাসী যদি আমাকে তাদের সেবার সুযোগ দেন, তাহলে আমি এই এলাকাকে একটি মডেল ওয়ার্ডে পরিণত করতে সর্বোচ্চ চেষ্টা করবো—যেখানে উন্নয়ন, নিরাপত্তা ও মানবিকতা একসাথে এগিয়ে যাবে।”
এ সময় স্থানীয় বাসিন্দারা তার পরিকল্পনা ও উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং একটি আধুনিক, নিরাপদ ও উন্নত ওয়ার্ড গঠনে আশাবাদ ব্যক্ত করেছেন।
“তরুণদের মাঠে ফেরাতে হবে”—উত্তর পাহাড়তলীতে স্মার্ট, নিরাপদ ও গ্রিন ওয়ার্ড গড়ার রোডম্যাপ দিলেন ইউসুফ চৌধুরী
Please Share This Post in Your Social Media