নিজস্ব প্রতিবেদক দৈনিক তাজাখবর :
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে স্বামী তার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে নিজ সন্তানকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
নিহত নারীর নাম হালিমা আক্তার (৩০)। তার পিতা আব্দুল মান্নান ও মাতা নুর নাহার। অভিযুক্ত স্বামীর নাম জহিরুল ইসলাম। তার স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সোনাপুর এলাকায় বলে জানা গেছে।
দম্পতি চট্টগ্রাম নগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পতেঙ্গা থানা এলাকার দক্ষিণ পাড়া এলাকায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ইফতারের কিছুক্ষণ আগে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জহিরুল ইসলাম ছুরি দিয়ে তার স্ত্রী হালিমা আক্তারকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্ত স্বামী তাদের ছোট শিশুকে সঙ্গে নিয়ে সরাসরি পতেঙ্গা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠায়।
স্থানীয় বাসিন্দারা জানান, গত প্রায় এক মাস ধরে দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলছিল।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।