তাজাখবর,অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২১:১৯, ৮ মার্চ ২০২৬
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও রাজনৈতিক কর্মী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে নতুন মোড় এসেছে।
আলোচিত এ মামলার প্রধান অভিযুক্ত রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। একই ঘটনায় আলমগীর হোসেন নামে আরও একজনকে আটক করা হয়েছে।
রোববার (৮ মার্চ) সন্ধ্যায় ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই ব্যক্তি স্বীকার করেছেন যে, বাংলাদেশে রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যা করার পর তারা দেশ ছেড়ে পালিয়ে যান। পরে মেঘালয় সীমান্ত ব্যবহার করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।
এরপর ভারতের বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করতে করতে তারা শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আশ্রয় নেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সুযোগ পেলেই আবার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা করছিলেন তারা। এ ঘটনায় ভারতে একটি মামলা দায়ের করা হয়েছে।
রোববার তাদের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে আদালত প্রাথমিক শুনানি শেষে দুজনকেই পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় আরও তথ্য উদঘাটনে ভারত ও বাংলাদেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের সম্ভাবনার কথাও জানা গেছে।