আরিফুল ইসলাম,চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের চুয়েট সংলগ্ন রাউজান পাহাড়তলী চৌমুহনীর হাজী মকবুল টাওয়ারের ৩য় তলায় অবস্থিত চিকিৎসাসেবামূলক প্রতিষ্ঠান দি বিসিসিইউএল জেনারেল হাসপাতাল (বিজিএইচ)–এর শেয়ার অংশীজন হয়েছেন পটিয়া উপজেলার লাখেরা গ্রামের বাসিন্দা মিসেস নীলিমা বড়ুয়া।
গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে বিজিএইচ হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে হাসপাতালের চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত মহাথেরো মহোদয়ের কাছ থেকে শেয়ার অংশীজন হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শুভ্রময় বড়ুয়া, ডিরেক্টর (মার্কেটিং) এপেক্সিয়ান মৃণাল কান্তি বড়ুয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জানা যায়, বৌদ্ধ গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা বিস্তার ও মানবিক সেবার লক্ষ্যে ১৯৯৭ সালে রাউজান উপজেলার কদলপুরে প্রতিষ্ঠিত হয় বহুমুখী সমবায়ী প্রতিষ্ঠান দি বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (বিসিসিইউএল)। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
শেয়ার অংশীজন হওয়ার অনুভূতি প্রকাশ করে নীলিমা বড়ুয়া বলেন, সমাজের দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্দেশ্যে বিজিএইচ হাসপাতাল প্রতিষ্ঠা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি হাসপাতালের শেয়ারহোল্ডার হয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিসিসিইউএল-এর সকল সদস্য পরোক্ষভাবে বিজিএইচ হাসপাতালের মালিকানার অংশীদার। হাসপাতালের মোট শেয়ারের ৫০ শতাংশ সদস্যদের অধীনে এবং অবশিষ্ট ৫০ শতাংশ দেশে-বিদেশে বসবাসরত বৌদ্ধ সম্প্রদায়ের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
প্রতি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ টাকা এবং তিন লক্ষ টাকার একটি লট ক্রয়ের মাধ্যমে যে কেউ বিজিএইচ হাসপাতালের অংশীজন হতে পারবেন। তবে এটি ব্যবসায়িক লাভের উদ্দেশ্যে নয়; বরং সামাজিক চিকিৎসাসেবা ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনাই মূল লক্ষ্য।
হাসপাতাল কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানায়, ভিক্ষু-সংঘ ও গৃহী সংঘের সম্মিলিত অংশগ্রহণ এবং সহযোগিতায় বিজিএইচ হাসপাতাল ভবিষ্যতে একটি আর্থনির্ভরশীল ও মানবিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত হবে।