আরিফুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক
এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হলেও এখনও শপথ নিতে পারছেন না চট্টগ্রামের দুটি আসন থেকে নির্বাচিত বিএনপি প্রার্থী।
তারা হলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে নির্বাচিত সরওয়ার আলমগীর এবং চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের বিজয়ী আসলাম চৌধুরী।
জানা গেছে, ঋণখেলাপির অভিযোগ তুলে তাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা আপিল বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। এ কারণে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই আসনের নির্বাচনী ফলাফল গেজেট আকারে প্রকাশ স্থগিত রাখা হয়েছে।
আদালতের আপিল বিভাগ জানিয়েছেন, সংশ্লিষ্ট প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের নির্বাচনের ফল চূড়ান্ত হিসেবে প্রকাশ করা যাবে না। ফলে সরকারি গেজেটে ফল প্রকাশ না হওয়ায় অন্য নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে শপথ গ্রহণের সুযোগ পাচ্ছেন না তারা।
আইনগত প্রক্রিয়া শেষ হলে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ঘটনায় চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও অপেক্ষার পরিস্থিতি তৈরি হয়েছে।
গেজেট প্রকাশ না হওয়ায় শপথ নিতে পারছেন না বিএনপির দুই এমপি