স্টাফ রিপোর্টার | পঞ্চগড়
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫ এএম
পবিত্র রমজান উপলক্ষে নিম্নআয়ের মানুষের জন্য বরাদ্দকৃত টিসিবির ভোজ্যতেলের কার্টনে তেলের পরিবর্তে পানিভর্তি বোতল পাওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় জেলার বোদা উপজেলা-র সাতখামার খাদ্য গুদামে পণ্য খালাসের সময় এই ভয়াবহ জালিয়াতি ধরা পড়ে।
জানা গেছে, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-র আমদানিকৃত নিত্যপ্রয়োজনীয় পণ্য—তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর—সরবরাহের দায়িত্বে ছিল ‘মেসার্স আনোয়ার ট্রেডার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
পণ্যবাহী ট্রাক থেকে মালামাল গুদামে নামানোর সময় শ্রমিকদের একটি কার্টন অস্বাভাবিক ভারী মনে হয়। সন্দেহ হলে কার্টনটি খুলে দেখা যায়, ভেতরে টিসিবির স্টিকারযুক্ত ৯টি বোতলে তেলের বদলে কেবল পানি ভরা। বিষয়টি সঙ্গে সঙ্গেই গুদাম কর্তৃপক্ষের নজরে আসে।
সাতখামার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অনিয়ম ধরা পড়ার পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। বর্তমানে পণ্যবাহী ট্রাকটি জব্দ রাখা হয়েছে।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, “ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। লিখিত প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে উপজেলা টিসিবির প্রতিনিধি শিবু অভিযোগ অস্বীকার করে জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান বিষয়টি অস্বীকার করেছে।
অন্যদিকে ট্রাকচালক মইনুল ইসলাম দাবি করেন, তিনি কাহারোল উপজেলা-র গুদাম থেকে পণ্য লোড করে দেবীগঞ্জ উপজেলা ও বোদায় পৌঁছে দিয়েছেন। এ কারসাজির বিষয়ে তিনি কিছু জানেন না।
রমজানের বাজারে নিম্নআয়ের মানুষের জন্য বরাদ্দকৃত পণ্যে এ ধরনের জালিয়াতির অভিযোগে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। তদন্তে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।