নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’, কালো টাকার ব্যবহার এবং নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রাজপথে নামার ঘোষণা দিয়েছে।
তারা সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করবে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করার পর এই কর্মসূচি ঘোষণা করেন ১১ দলীয় জোটের নেতারা। বৈঠকে জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জুবায়ের নেতৃত্ব দেন।
বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, নির্বাচনের পর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হয়েছে। এসব হামলার প্রতিবাদে সোমবার ঢাকার বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করবে জোট।
তিনি অভিযোগ করেন, ভোটে কালো টাকা ব্যবহার এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। কিছু কেন্দ্রে কর্তব্যরত কর্মকর্তারা নিজে সিল মেরেছেন বলে অভিযোগ উঠেছে। ভোটগ্রহণে বাধা এবং ভীতি সৃষ্টি হওয়ায় ভোট কাস্টিং কম হয়েছে। নির্বাচনের সময় এজেন্টদের বাধ্য করে বের করা হয়েছে এবং ভোটের রেজাল্ট শিট ঘষামাজা করা হয়েছে। এছাড়া ঢাকা-৬ আসনের এজেন্ট পরিবর্তনের ঘটনা ঘটেছে।