আরিফুল ইসলাম, চট্টগ্রাম প্রতিনিধি :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছায়া মন্ত্রিসভা গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি জানান, দল ইতোমধ্যে ছায়া মন্ত্রীসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে।
পোস্টে তিনি লেখেন,
“স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রীসভা।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘোষণা দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ। সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ভুলত্রুটি তুলে ধরা এবং বিকল্প নীতি প্রস্তাব দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।
আগেই প্রস্তাব দেন শিশির মনির
এর আগে শনিবার রাতে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দেন। তিনি লেখেন,
“আমরা ছায়া মন্ত্রীপরিষদ গঠন করব ইনশাআল্লাহ।”
কী এই ছায়া মন্ত্রিসভা?
সংসদীয় গণতন্ত্রে ‘ছায়া মন্ত্রিসভা’ হলো বিরোধী দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে গঠিত একটি বিকল্প কাঠামো, যা ক্ষমতাসীন সরকারের সমান্তরালে কাজ করে।
সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ
নীতিগত ত্রুটি চিহ্নিত করা
জনস্বার্থে বিকল্প প্রস্তাব দেওয়া
সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখা
যদিও এর কোনো নির্বাহী ক্ষমতা নেই, তবে এটি ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রাজনৈতিক বার্তা কী?
এনসিপির এই ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিরোধী রাজনীতিতে সক্রিয় ও কাঠামোগত ভূমিকা রাখার ইঙ্গিত হিসেবেই দেখছেন অনেকে।