মুন্সীগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬
মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. তীতুমির জানান, সকাল সোয়া ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। বর্তমানে কেন্দ্রে স্বাভাবিকভাবে ভোট চলছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরণের সময় অন্তত ১০–১২টি ককটেল ফাটানো হয়। আকস্মিক এই ঘটনায় কেন্দ্র ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভীতসন্ত্রস্ত ভোটারদের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ফুটবল ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনার জেরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন আলী জানান, বর্তমানে কেন্দ্র ও আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।