চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালামের মা মাবিয়া খাতুন মারা গেছেন।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নগরীর বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে তার মৃত্যু হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উনি করোনা পজেটিভ ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বেদারুল আলম চৌধুরী জানান, ৯০ বছর বয়সী মাবিয়া খাতুন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
আবদুচ ছালাম চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক চেয়ারম্যান।
শুক্রবার রাত ৯টায় নগরীর মোহরায় বায়তুল ইকরাম জামে মসজিদে মাবিয়া খাতুনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তিনি ছয় ছেলে ও চার কন্যা সন্তানের জননী। তার ছেলে আবদুচ ছালাম নগর আওয়ামী লীগের নেতা। আরেক ছেলে সৈয়দ নুরুল ইসলাম স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় উপদেষ্টা।
চট্টগ্রামের শিল্পগোষ্ঠী ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুচ ছালাম।
একান্নবর্তী এই পরিবারের বেশ কয়েকজন সদস্য সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন।
মাবিয়া খাতুনের মৃত্যুতে শোক জানিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, তিনি একজন রত্মগর্ভা মা ও মহীয়সী নারী ছিলেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন এবং সিটি নির্বাচনে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী পৃথক শোক বার্তায় শোক জানিয়েছেন।